প্রতি আসনের জন্য লড়বে নয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ২৪টি সরকারি বিদ্যালয়ে (সংযুক্ত প্রাথমিকসহ) প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য প্রতি আসনের বিপরীতে নয়জন শিক্ষার্থীকে লড়তে হবে। বিদ্যালয়গুলোর মোট সাত হাজার ৯৮৮টি আসনের বিপরীতে ভর্তির জন্য ফরম বিক্রি হয়েছে ৭৩ হাজার ৯২৫টি।গত রোববার বিদ্যালয়গুলোতে ফরম বিতরণ শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গতকাল সোমবার মোট তথ্য সংগ্রহ করে।অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) সাখাওয়াত হোসেন বিশ্বাস এই তথ্য জানিয়ে প্রথম আলোকে বলেন, কেবল প্রথম শ্রেণীতেই ফরম বিক্রি হয়েছে ২৮ হাজার ১২৪টি। অথচ আসন আছে এক হাজার ৪৭৫টি।এই হিসাবে প্রথম শ্রেণীতে প্রতি আসনের জন্য প্রতিযোগী ১৯ জন। এই শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম ধানমন্ডি গভ. ল্যাবরেটরি হাইস্কুলে প্রথম শ্রেণীর ২৪০টি আসনের বিপরীতে ফরম বিক্রি হয়েছে চার হাজার ৭২১টি। তবে বিভিন্ন শ্রেণীতে মোট ফরম বিক্রি হয়েছে সাত হাজার ৯৩১টি।আগের মতো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন এই ২৪টি বিদ্যালয়কে ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিনটি গুচ্ছে ভাগ করে লটারি ও ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তিনটি গুচ্ছের বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হবে যথাক্রমে ১৪, ১৫ ও ১৭ ডিসেম্বর। আর প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারি হবে ২৭ ডিসেম্বর। ২৪টি বিদ্যালয়ের মধ্যে ১৩টিতে প্রথম শ্রেণী আছে। সরকারি নীতিমালা অনুযায়ী, সরকারি-বেসরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করতে হবে। নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।