প্রতি মণ তরল দুধে পাঁচ থেকে ছয় কেজি পানি দেওয়ার অপরাধে পাঁচ দুধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার নবাবপুর রোডের রথখোলা মোড়ে তরল দুধের পাইকারি বাজারে অভিযান চালানোর সময় এই জরিমানা করেন। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা ওই বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক ব্যবসায়ী দুধ রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। অনেকে পালিয়েও যান। আদালত প্রথমে মুন্সিগঞ্জের ব্যবসায়ী আলমগীরের দোকানে গিয়ে ল্যাকটোমিটার দিয়ে পরীক্ষা করে দুধে পানি মেশানোর প্রমাণ পান। পরে আদালত দুধে ফরমালিন মেশানো হয়েছে কি না, তা পরীক্ষা করেন। পরীক্ষা করে ফরমালিনের উপস্থিতি পাননি আদালত। কতটুকু দুধে কী পরিমাণ পানি মেশানো হয়েছে, জানতে চাইলে আলমগীর জানান, প্রতি মণ দুধে তিনি পাঁচ কেজি পানি মিশিয়েছেন। কোথা থেকে পানি মেশানো হয়েছে? এ প্রশ্নের জবাবে তিনি বাড়ির টিউবওয়েল থেকে পানি মিশিয়েছেন বলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান। পরে আদালত একে একে কেরানীগঞ্জের দুধ ব্যবসায়ী কুমদ মণ্ডল, স্বপন কুমার ঘোষ, রানা খান ও আলমগীরের দোকানের দুধ পরীক্ষা করেন। দুধে পানি দেওয়ার কথা আদালতে স্বীকার করে তাঁরা বলেন, কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জসহ আশপাশের এলাকার শতাধিক ব্যবসায়ী প্রতিদিন দুধ নিয়ে এই বাজারে বিক্রি করেন। এসব দুধ ব্যাপারিরা কিনে বিভিন্ন মিষ্টি ও দই তৈরির দোকানে সরবরাহ করেন। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন সাংবাদিকদের বলেন, তরল দুধে পানি মেশানোর অপরাধে প্রত্যেক দুধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বিএসটিআইয়ের কর্মকর্তা এস এম আবু সাঈদ বলেন, দুধে পানি দেওয়ার অপরাধে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পরে পানি মেশানো প্রায় ৩০ মণ দুধ নর্দমায় ফেলা হয়। তিনি জানান, পাঁচ দুধ ব্যবসায়ী জরিমানার টাকা তাত্ক্ষণিক দিতে ব্যর্থ হওয়ায় আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়েছেন।এদিকে অপর একটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মিরপুরের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন। গতকাল সকালে আদালত মিরপুর চিড়িয়াখানা রোডে অবস্থিত আর আর এন্টারপ্রাইজ নামের সুপেয় পানি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালান। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়েই পানি বাজারজাত করে আসছিল। এই অপরাধে আদালত ওই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত একই এলাকার আলফা ফুড প্রোডাক্টসে অভিযান চালান। সেখানে বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে রুটি, বিস্কুট ও কেক তৈরির অভিযোগে ওই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অপর একটি আদালত রাজধানীর গ্রীন রোডের পাঁচটি খাবার তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালান। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও বিতরণ করায় ওই এলাকার পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন আদালত। আদালত মামা ভাগ্নে তেহারি ঘরকে পাঁচ হাজার, হোটেল নিউ স্টারকে ৩০ হাজার, হোটেল শাহজালালকে ৩০ হাজার টাকা, ইন্দিরা রোডের ক্যাফে কুতুব শাহ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেন। স্টার কাবাব অ্যান্ড বেকারিতে কেক ও মাংস একই ফ্রিজে সংরক্ষণ করায় আদালত ওই প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেন।