প্রতি ১৬ লাখ মানুষের জন্য স্নায়ুরোগ বিশেষজ্ঞ একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের হাসপাতালগুলোর জরুরি বিভাগে ভর্তি হওয়া ১৫ শতাংশ রোগী পক্ষাঘাত ও বিভিন্ন ধরনের স্নায়ুরোগ নিয়ে ভর্তি হয়। কিন্তু এ ক্ষেত্রে দেশে চিকিৎসকের চরম সংকট চলছে। প্রতি ১৬ লাখ মানুষের জন্য স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আছেন মাত্র একজন করে।গতকাল শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে স্নায়ুরোগ নিয়ে আন্তর্জাতিক সেমিনারে এ তথ্য দেওয়া হয়। দুই দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে সোসাইটি অব নিওরোলজিস্ট অব বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, স্নায়ুরোগের চিকিৎসার গুরুত্ব সরকার অনুধাবন করতে পেরেছে বলে বিশেষায়িত হাসপাতাল ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব নিওরোসায়েন্স’ প্রতিষ্ঠা করছে। তিনি জানান, ৩০০ শয্যার এ হাসপাতালটি শিগগিরই উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে জানানো হয়, ২৩০ কোটি টাকা ব্যয়ে রাজধানীর আগারগাঁওয়ে এই বিশেষায়িত হাসপাতালটি প্রতিষ্ঠা করা হচ্ছে। সোসাইটি অব নিওরোলজিস্ট অব বাংলাদেশের মহাসচিব ফিরোজ আহমেদ কোরাইশী বলেন, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে কিছু সংক্রামক স্নায়ুরোগের প্রাদুর্ভাব কমে এসেছে। তবে মানুষের গড় আয়ু বেড়ে যাওয়ায় বার্ধক্যজনিত স্নায়ুরোগ, অস্থিরতায় আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে গেছে। তাছাড়া ফসলি জমিতে অতি মাত্রায় কীটনাশকের ব্যবহার, ভেজাল খাদ্য ও নানা ধরনের বিষাক্ত রাসায়নিকের ব্যবহারের কারণে ভবিষ্যতে জটিল স্নায়ুরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট স্নায়ুরোগ চিকিৎসক কাজী দীন মোহাম্মদ বলেন, হূদরোগের পর দেশের বেশি মানুষ স্নায়ুরোগে ভোগে। সেমিনারে স্নায়ুরোগীদের সঠিক ও উন্নত সেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে নিওরোলজি ইউনিট তৈরি, সরকারি মেডিকেল কলেজে ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘স্ট্রাক ক্লিনিক’ প্রতিষ্ঠা, জেলা হাসপাতালগুলোতে পরামর্শকের পদ সৃষ্টির দাবি জানানো হয়। সোসাইটির সভাপতি এ কে এম আনোয়ার উল্লাহর সভাপতিত্বে সেমিনারে বিএসএমএমইউর উপাচার্য প্রাণগোপাল দত্ত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ হুমায়ুন কবির, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান প্রমুখ বক্তব্য দেন।