প্রতিটি ওয়ার্ডে পর্যবেক্ষক দল গঠনের দাবি পরিবেশবাদীদের
অবৈধ পলিথিন ব্যাগ উৎপাদন, মজুত, বাজারজাতকরণ ও ব্যবহার বন্ধে প্রতিটি ওয়ার্ডে পর্যবেক্ষক দল গঠন করার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। আগামী ডিসেম্বর মাসের মধ্যে পলিথিন ব্যাগের সব কারখানা বন্ধ করতে প্রশাসনকে ব্যাপক অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন তাঁরা।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশবান্ধব সংগঠন (বিইও) এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, পলিথিন ব্যাগ বন্ধে আইন প্রণয়ন হয়েছে এবং পলিথিন ক্ষতিকর তা সবাই অবগত। এর প্রভাবে নদ-নদী ভরাট হয়ে যাচ্ছে, কৃষিজমি ও পরিবেশ দূষিত হচ্ছে। পলিথিন উৎপাদনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বাপার যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব বলেন, ঢাকা মহানগরীর জলজটের অন্যতম কারণ পলিথিন। অথচ পলিথিন বন্ধে আইন হওয়ার পরও প্রশাসনের নাকের ডগায় অবাধে পলিথিনের উৎপাদন হচ্ছে, বাজারজাত হচ্ছে। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে প্রশাসনের এই অনাগ্রহ বা উদাসীনতার কী কারণ, তা নাগরিক সমাজের কাছে পরিষ্কার নয়।
পলিথিনবিরোধী কার্যক্রমে কর্মরত গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, কিছুদিন আগে অবৈধ পলিথিন কারখানা নিয়ে রিপোর্ট করতে গেলে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করা হয়। এ ব্যাপারে সরকার অপরাধীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে অথবা ইচ্ছা করে এড়িয়ে গেছে।
বিইও সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আলমগীর কবির, হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য দেন।