প্রতিটি গ্রামে স্কুলের দাবিতে শিশুদের অবস্থান কর্মসূচি
বাড়ির কাছাকাছি স্কুল না থাকার কারণে দেশের পাঁচ শতাংশ শিশু স্কুলে ভর্তি হতে পারে না। একই কারণে স্কুলে ভর্তি হওয়ার পর অনেকে প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই ঝরে পড়ে। তাই দেশের প্রতিটি গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের সামনে সুবিধাবঞ্চিত শিশুরা এ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে। এর আগে দুপুরে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিটি গ্রামে একটি বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে জাতীয় বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে। জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন সংগঠন ও ব্যক্তির সমন্বয়ে গঠিত নাগরিক জোট ‘আমার অধিকার ক্যাম্পেইন’ শিশুদের এই দাবিগুলো নীতিনির্ধারকসহ সংশ্লিষ্ট সব মহলের কাছে তুলে ধরতে সহায়তা করে আসছে। শিশুদের এ অবস্থান কর্মসূচিতে পথচারীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন সংহতি প্রকাশ করে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশের ১৬ হাজার ১৪২টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। এর মধ্যে দুই হাজার গ্রামে বিদ্যালয় স্থাপন জরুরি। সরকারিভাবে দেড় হাজার গ্রামে একটি করে বিদ্যালয় স্থাপনে একটি প্রকল্প গ্রহণের প্রস্তুতি চলছে।