প্রতিদিন ২৩২৫ লিটার ওষুধ ছিটিয়েও ঢাকার মশা মরেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাস ধরে ওষুধ ছিটানোর পরও ঢাকায় মশার উপদ্রব কমেনি। মশার উপদ্রবের কথা দুই মেয়রই স্বীকার করেছেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৯৩টি ওয়ার্ডের প্রতিটিতে গত তিন মাসে প্রতিদিন ২৫ লিটার করে ওষুধ ছিটানো হয়েছে বলে দাবি করেছে করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। সে হিসাবে ঢাকায় প্রতিদিন ২ হাজার ৩২৫ লিটার ওষুধ ছিটানো হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মতে, অন্যান্য রোগ ছাড়াও ঢাকায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব গত আট বছরে এবার সবচেয়ে বেশি।
জানতে চাইলে ডিএনসিসির মেয়র আনিসুল হক বলেন, প্রয়োজনের তুলনায় বেশি ওষুধ দিয়েও মশা নিয়ন্ত্রণ করা কঠিন হয়েছে। বারবার ওষুধ পরীক্ষাও করা হয়েছে। ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, যথেষ্ট ওষুধ ছিটানো হয়েছে। যে ওষুধে ডেঙ্গু রোগবাহী এডিস মশাও মরার কথা।
অপরিষ্কার খাল ও ঝিলে মশা ডিম পাড়ে। দুই সিটি করপোরেশনের বেশির ভাগ খালের ময়লা ও কচুরিপানা পরিষ্কার করা হয়নি। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল এবং মাজার রোডের কল্যাণপুর খাল, দক্ষিণে মুগদা ওয়াসা রোডের কাছে মান্ডা খাল, তালতলা থানার কাছের খাল ও ঝিল আবর্জনা ও কচুরিপানায় ভরা।
এ প্রসঙ্গে মেয়র সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন চাইলেও এখতিয়ারের বাইরে থাকায় সব খাল পরিষ্কার করা যায়নি। বেশির ভাগ খালের মালিক জেলা প্রশাসন। ঢাকা ওয়াসা তদারককারী কর্তৃপক্ষ।
উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম এম সালেহ ভূঁইয়া বলেন, খালগুলো ঢাকা ওয়াসার অধীনে হলেও বাধ্য হয়ে ডিএনসিসি কিছু খাল পরিষ্কার করেছে। এ বিষয়ে ঢাকা ওয়াসাকে বারবার তাগিদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান অবশ্য দাবি করেছেন, ওয়াসা কর্মসূচি মাফিক এপ্রিল থেকে খাল পরিষ্কারে হাত দিয়েছে। মে মাস পর্যন্ত চলবে।
দুই করপোরেশনের স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে বলা হয়, শুধু খাল বা ঝিল নয়, নগরীর বিভিন্ন এলাকায় নর্দমার ভেতরেও মশা ডিম পাড়ে। আগে খোলা নর্দমায় কীটনাশক ছিটালে মশার লার্ভা মরে যেত। এখন নর্দমাগুলো ঢাকনা দিয়ে আবদ্ধ। ফলে ভেতরের মশার ডিম ধ্বংস করা কঠিন। এসব কারণে মশার উপদ্রব পুরোপুরি নিয়ন্ত্রণও দুরূহ হয়ে পড়েছে।