প্রতিদিনই তাঁর মেহমান ৬৬ শিশু
নির্দিষ্ট বাড়ির ঠিকানা নিয়ে পুরান ঢাকার গলির এমাথা-ওমাথা হেঁটে বেড়াচ্ছি। প্রায় আধা ঘণ্টার গলি অভিযানের পর আমি ধরে নিলাম ঠিকানার বর্ণনার সঙ্গে মিললেও আমি আসলে ঠিক গলিতেই ঢুকিনি। যাঁর কাছে যাব, তিনি মুঠোফোনে বললেন, ‘আমি দুটো বাচ্চা ছেলেমেয়েকে বড় মসজিদের কাছে পাঠাচ্ছি।’ গলির পেছনের দিকে হেঁটে আসার পর আমার দিকে ইতস্তত ভাব নিয়ে তাকিয়ে থাকা শিশু দুটোকে দেখে বুঝলাম, ওরা আমাকেই খুঁজছে। ওই গলির পাশে আরও দুটো সরু গলি পেরিয়ে সেই ভবন।
পাঁচতলার খাড়া সিঁড়ি পেরিয়ে আতিকা রোমার রসুইঘরে পৌঁছে দেখা গেল, বাইরের পরিবেশের সঙ্গে ভেতরের কোনো মিল নেই। কম আসবাবপত্র আর পরিচ্ছন্নতা পাঁচতলার দুই কক্ষের ফ্ল্যাট ও রান্নার জায়গাটিকে বেশ আলোকোজ্জ্বল রেখেছে।
হাজারীবাগের ‘হাজি আলী হায়দার সাহেবের বাড়ি’র ছয়তলার ডান পাশের ছোট ফ্ল্যাটটিকে রসুইঘর বললাম এ কারণে যে ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছে শুধু রান্নার জন্য। আতিকা রোমা বাণিজ্যিকভাবে খাবার অর্ডার নেন। তাঁর প্রতিষ্ঠানের নাম ‘অমৃতম’। সকাল-বিকেলের নাশতা, ফ্রোজেন আইটেম, দুপুর ও রাতের খাবার, বাড়িতে মেহমানদারির সব রান্নার আয়োজন হয় সেখানে। তবে করোনাকাল এই অমৃতমকে ভিন্নতা দিয়েছে। আশপাশের দরিদ্র পরিবারের ৬৬ শিশু এখানকার মেহমান। তারা দুপুরের খাবারটি বিনা মূল্যে পায়।
শুরুতে ভাইয়ের দেওয়া ঈদি দিয়ে ওই শিশুদের খাওয়ানো শুরু করেন অমৃতমের স্বত্বাধিকারী আতিকা রোমা। এরপর বন্ধু ও স্বজনেরা এগিয়ে এসেছেন। শুভাকাঙ্ক্ষীদের সহায়তা ও অমৃতমের লাভ দিয়ে এই শিশুদের প্রতিদিন খাওয়াচ্ছেন তিনি। তবে জানালেন, অর্থের সংস্থান থাকে না হরহামেশাই, তখন অমৃতমের মূলধন থেকে খাওয়ান।
কী কারণে, কবে থেকে শিশুদের খাওয়াচ্ছেন, তা নিয়ে কথা হলো আতিকা রোমার সঙ্গে। শতরঞ্চি বিছানো কক্ষটি দেখিয়ে বললেন, শিশুর সংখ্যা যখন আট থেকে দশ ছিল, তখন এই কক্ষে বসে খাওয়াতেন। এখন সংখ্যা অর্ধশত পেরিয়ে যাওয়ায় প্যাকেট করে শিশুদের হাতে দিয়ে দেন। ওরা বাড়ি গিয়ে খায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে ২০০৪ সালে মাস্টার্স করেন আতিকা রোমা। বাবা আবদুল বাকী ছিলেন সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক। মা হালিদা চৌধুরী রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন। একমাত্র ভাই আবদুল আলিম আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা। বাবা ২০০০ সালে আর মা ২০১৯ সালে মারা গেছেন। মা ছিলেন আতিকার সবচেয়ে বড় বন্ধু, আশ্রয়। মায়ের মৃত্যুই মূলত তাঁকে অনেকখানি বদলে দিয়েছে বলে জানান। বলেন, ‘মা পশুপাখি ভালোবাসতেন।
মানুষের পাশে সামর্থ্য অনুসারে দাঁড়াতেন। মা চলে যাওয়ার পর আমার চারপাশ ঘিরে প্রচণ্ড শূন্যতা তৈরি হলো। কিছু ভালো লাগত না। একসময় এই শিশুদের নিয়ে কাজ করার পর মনে শান্তি আসা শুরু হলো।’
আতিকা জানান, গত বছর অমৃতম চালু করার পরপরই দেশজুড়ে করোনা আঘাত হানে। এ কারণে এক মাসের মধ্যে তা বন্ধ করে দেন। অর্ডার বাতিল হতে থাকে। পচে যাওয়ায় ফ্রিজে থাকা ২০ হাজার টাকার ফ্রোজেন আইটেম ফেলে দিতে বাধ্য হন। গত বছরের নভেম্বর মাস থেকে আবারও অমৃতম শুরু করেন। আশপাশের আটটি শিশু নিয়মিত এসে ফ্রোজেন আইটেম ও ভাত খেয়ে যেত। একসময় জানতে পারেন, এই শিশুদের বাবা-মায়েরা করোনার কারণে কাজ হারিয়েছেন। কোনো কোনো দিন তাদের শুধু শুকনো মুড়ি ও বিস্কুট খেয়ে থাকতে হয়। যে ভবনে তাঁর রসুইঘর, তার আশপাশের বাড়িগুলোয় ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে জানতে পারেন, এমন পরিবারের সংখ্যা অনেক। তিনি তালিকা করা শুরু করলেন। তালিকাটি বাড়তে বাড়তে এ বছরের মে মাসের শেষে এসে দাঁড়িয়েছে ৬৬ জনে।
কথা বলার ফাঁকে ফাঁকে রান্নার দুজন সাহায্যকারীকে এটা-ওটা নির্দেশনা দিচ্ছিলেন আতিকা।
আতিকা রোমার সঙ্গে ফেসবুকে যাঁরা আছেন, তাঁরা জানেন, প্রতিদিন তিনি বাচ্চাদের খাওয়ার কর্মসূচিটি ফেসবুকে তুলে দিয়ে জানান—‘আজ কতজন খেল, কী দিয়ে খেল’। এটি তুলে ধরার উদ্দেশ্য সম্পর্কে আতিকা বলেন, ‘খুব অল্প সময়ে শুরু করা আমার রান্নার ভেঞ্চারটি থেকে একা আমার পক্ষে প্রতিদিন এতসংখ্যক শিশুকে খাইয়ে যাওয়া হয়তো সম্ভব হবে না। ঈদুল ফিতরে ভাইয়ার দেওয়া ২৫ হাজার টাকা থেকে বড় আকারে খাওয়ানো শুরু করেছিলাম। তবে ফেসবুকে পোস্ট দেওয়ার পর বেশ কয়েকজন এগিয়ে এসেছেন। এ শিশুদের যেন অভুক্ত না থাকতে হয়, সে জন্য আমি যেকোনো অনুদান নিতে প্রস্তুত। কেউ কেউ শিশুদের এক দিনের পুরো খাবারের অর্থও দিয়েছেন। কেউ সন্তানের জন্মদিন, কেউ মা–বাবার মৃত্যুবার্ষিকী পালন করেছেন এই শিশুদের খাওয়ানোর মধ্য দিয়ে।’
কথা বলতে বলতেই দুপুরের খাবারের সময় হয়ে গেল। সেদিন খাবারের তালিকায় ছিল সবজি-খিচুড়ি ও এক টুকরো মুরগির মাংস। শিশুরা আসা শুরু করতেই আড্ডা থেকে উঠে পড়লেন আতিকা। শিশুরা জায়গাটিকে যে নিজের ভাবে, তা বোঝা গেল ওদের হাবভাবে। নিজেদের মতো করে প্যাকেট নিয়ে উঠে পড়ল। লাল জামা পরা রিয়ামণি (৮) শুরু থেকেই সেখানে ছিল। জানাল, বাবার নাম আবদুল লতিফ, মায়ের নাম রাশিদা বেগম। বাবা জিনস তৈরির কারখানায় কাজ করে। চার ভাইবোনের মধ্যে রিয়ামণি সবার ছোট। বলল, সে আর তার ভাই প্রতিদিন অমৃতমে দুপুরের খাবার খায়।
শাহিদা বেগম নামের এক মা জানান, তাঁর আট বছর বয়সী যমজ ছেলে সাকিবুল, সাজিদুল এবং সাত বছর বয়সী রাহাতের খাবার পান। ছেলেদের খাবার নিতে মাঝেমধ্যে তিনিও আসেন। স্বামী মো. জুয়েল বৈদ্যুতিক মিস্ত্রি। করোনার সময়ে কাজ হারিয়েছেন। এখন ঘরে ফ্যান সারানোর মতো কাজ মাঝেমধ্যে পান। প্রচণ্ড অর্থকষ্টে চলতে হচ্ছে বলে জানান তিনি।
বিকেলে ভবনটি থেকে বের হওয়ার পথে সঙ্গী হন আতিকা রোমা। পথে চলতে চলতে আরও কথা হলো। বললেন, ‘এই শিশুরা স্কুলে পড়ত। করোনার কারণে স্কুল বন্ধ। ওরা পড়ালেখা যা শিখেছিল, সব ভুলে গেছে। কেউ ওদের জন্য অল্প কিছু সময় ব্যয় করে পড়াতে চাইলে আমি অমৃতমের কক্ষ দিতে রাজি আছি।’ সামনে পবিত্র ঈদুল আজহা ঘিরে আরেকটি পরিকল্পনা নিয়েছেন। ঠিক করেছেন, যেভাবেই পারেন একটা গরু কোরবানি দেবেন শুধু এই শিশুদের জন্য।