প্রতিপক্ষের চাপাতির কোপে ছাত্রলীগের চার কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালী এলাকার সরকারি তিতুমীর কলেজের ডাইনিংয়ে গত শুক্রবার মধ্যরাতে প্রতিপক্ষের চাপাতির কোপে ছাত্রলীগের চারজন কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শামীম আহমেদ (২২) এবং রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র আরিফ হোসেন (২১), দ্বিতীয় বর্ষের ছাত্র আবু সাঈদ (২২) ও দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিমকে (২১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাতে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের এই চার কর্মী কলেজের আঁখি ছাত্রাবাসের ডাইনিংয়ে খেতে যান। এ সময় ছাত্রলীগের চার্লস ও রাজীব সমর্থকদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির জের ধরে রাত সোয়া ১২টায় চার্লস ও রাজীবের সমর্থকেরা চাপাতি দিয়ে কুপিয়ে শামীম, আরিফ, সাইদ ও ইব্রাহিমকে জখম করেন। ছাত্রলীগের আহত এই চার কর্মী জানান, ডাইনিং থেকে তাঁদের বের করে দেওয়ার সময় চার্লস ও রাজীবের সমর্থকদের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। চিকিৎসকেরা জানান, আহত সাঈদের অবস্থা আশঙ্কাজনক। আঁখি হোস্টেল শাখা ছাত্রলীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, হামলাকারীরা সুযোগসন্ধানী। তাঁরা বিএনপি সরকারের সময় ছাত্রদল এবং বর্তমানে ছাত্রলীগের নাম ভাঙিয়ে চলছেন। তাঁদের বিরুদ্ধে গুলশান বিভাগের উপকমিশনারের কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে। গুলশান থানার অপারেশন কর্মকর্তা মাসুদ করিম প্রথম আলোকে জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।