প্রতিপক্ষের হাতে আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে আহত মাঝি জামান গাজি (৩৫) আট দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শনিবার মধ্যরাতে মারা গেছেন। খিলগাঁও থানা সূত্র জানায়, ৭ জানুয়ারি খিলগাঁওয়ের মেরাদিয়ায় আঙ্গরমোড়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ মাঝি জামান গাজিকে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। ঘটনার দিন এ ব্যাপারে ২২ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (্এসআই) আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, ঘটনার পর এজাহারভুক্ত আসামি হিরন মিয়া ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। কিছুদিন আগে নয়জন আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। এজাহারভুক্ত বাকি আসামিরা পলাতক। তিনি বলেন, বাড়ির জমির সীমানা নিয়ে নুর মিয়া ও আলি মিয়ার সঙ্গে জামান গাজির বিরোধ হয়। এ বিরোধ কিছুদিন ধরেই চলে আসছিল। এ নিয়ে স্থানীয় পর্যায়ে সালিস দরবারও হয়েছে। কিছুদিন আগে এক পক্ষ জমির মাপজোখ করে। কিন্তু অন্য পক্ষ এতে আপত্তি করে। এ নিয়ে ঘটনার দিন দুই পক্ষের ভেতরে মারধরের ঘটনা ঘটে। জামান গাজি সপরিবারে ৭৫ আঙ্গরমোড়ায় থাকতেন। তাঁর বাবার নাম তরব আলী গাজি।