রাজধানীর রমনা পার্কের উল্টো পাশে সড়ক ভবনে গতকাল বুধবার দুপুরে প্রতিপক্ষের হামলায় শাহীন আহমেদ ও সবুজ মাহমুদ নামের দুই ঠিকাদার আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও সড়ক ভবনের সূত্র জানায়, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক খন্দকার কামালের সড়ক ভবনে প্রত্যাবর্তন উপলক্ষে গত মঙ্গলবার রাতে সওজ কর্মচারী ইউনিয়ন ক্লাবের সামনে দেয়ালে পোস্টার সাঁটাচ্ছিলেন। এতে সবুজ বাধা দেন। এর জের ধরে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কামালের সমর্থকেরা সবুজের ওপর হামলা চালান। তাঁকে রক্ষা করতে গিয়ে লাঠিপেটার শিকার হন ঠিকাদার শাহীন। একপর্যায়ে তাঁরা দৌড়ে ইউনিয়ন কার্যালয়ে আশ্রয় নেন। হামলাকারীরা ওই কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করে ভেতরে ঢোকার চেষ্টা করেন। কর্মচারী ইউনিয়নের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত জুনে সড়ক ভবনে দরপত্র জমা দেওয়া নিয়ে গোলাগুলি হয়। এরপর থেকে কামাল এখানে আসেননি। প্রত্যাবর্তন উপলক্ষে মঙ্গলবার রাতে তাঁর সমর্থকেরা পোস্টার লাগানোর সময় সবুজ বাধা দেন। এর জেরে হামলা হয়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিকেলে প্রথম আলোকে জানান, ঠিকাদারদের অন্তর্দ্বন্দ্বের জের ধরে ঘটনাটি ঘটেছে। হামলার ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।