প্রতিবছর একজন শিল্পীকে দেওয়া হবে ফিরোজা বেগম স্বর্ণপদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের নামে ‘ফিরোজা বেগম স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়েছে। স্বর্ণপদক প্রবর্তনের জন্য গতকাল মঙ্গলবার এসিআই ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয়কে ৬০ লাখ টাকা দিয়েছে।
এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর দেশের একজন বরেণ্য শিল্পীকে ‘ফিরোজা বেগম স্বর্ণপদক’ দেওয়া হবে। এই পদকের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় জুরিবোর্ড শিল্পী নির্বাচনের দায়িত্ব পালন করবে।
ফিরোজা বেগমের ভাই ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম দৌলা উপাচার্য দপ্তরে এক অনুষ্ঠানে ৬০ লাখ টাকার চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন। এ সময় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, শিল্পী ফিরোজা বেগমের ছেলে শাফিন আহমেদ ও হামীন আহমেদ উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্বর্ণপদক প্রবর্তনে আর্থিক অনুদানের জন্য এসিআই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। এই উদ্যোগের ফলে দেশের সংগীত জগৎ আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।