প্রশিক্ষণ কর্মসূচিতে সমাজকল্যাণমন্ত্রী
প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপকাজে শিথিলতা গ্রহণযোগ্য হবে না
সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, সরকারের বিভিন্ন কর্মসূচিতে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এ জরিপকাজে কোনো ধরনের শিথিলতা গ্রহণযোগ্য হবে না। গতকাল সোমবার সমাজসেবা অধিদপ্তরে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ পরিচালনার জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মচারীরা জরিপটি পরিচালনা করবেন। জরিপে অংশ নেওয়া কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।প্রতিবন্ধিতার ধরন চিহ্নিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা নির্ণয় জরিপ পরিচালনার মূল উদ্দেশ্য। পাইলট পর্যায়ে সাতটি বিভাগের আটটি উপজেলায় জরিপ চালানো হবে। উপজেলাগুলো হলো: গোপালগঞ্জ সদর, জামালপুর সদর, কুমিল্লার বরুড়া, রাজশাহীর পবা, বাগেরহাটের মোরেলগঞ্জ, বরিশাল সদর, হবিগঞ্জের চুনারুঘাট ও দিনাজপুরের ফুলবাড়ী। আগামী জুনের মধ্যে পাইলট পর্যায় শেষ হবে বলে অনুষ্ঠানে বক্তারা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণসচিব রণজিৎ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী।অনুষ্ঠানে জানানো হয়, জরিপভুক্ত প্রতিবন্ধী ব্যক্তিদের নিবন্ধন ও তথ্যভান্ডার তৈরি করে পরিচয়পত্র দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অব ফাংশনিং, ডিজ্যাবিলিটি অ্যান্ড হেলথ-আইসিএফ পদ্ধতিতে জরিপ করা হবে। বিজ্ঞপ্তি।