প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
প্রতিবন্ধী শিশুকে (১৩) ধর্ষণের দায়ে জাহাঙ্গীর আলম মুজাহিদ (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে এক লাখ টাকা প্রতিবন্ধী শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তানজিলা ইসলাম গতকাল মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর পলাতক। রায়ে বলা হয়, আসামি যেদিন গ্রেপ্তার বা আত্মসমর্পণ করবেন, সেই দিন থেকে রায় কার্যকর হবে।
রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে নয়জন সাক্ষী উপস্থাপন করেছে। সাক্ষীরা আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন। সাক্ষীদের জবানবন্দি ও জব্দ করা আলামত পর্যালোচনায় আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে এই সাজা দেওয়া হলো।