প্রতিবন্ধী শিশুরা অসুবিধায় পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজসেবা অধিদপ্তর মিরপুরের জাতীয় বিশেষ শিক্ষাকেন্দ্রের ১০ কর্মচারীকে একসঙ্গে বদলি করায় কেন্দ্রের প্রতিবন্ধী শিশুরা অসুবিধায় পড়তে পারে। তা ছাড়া, ওই কর্মচারীরা তাঁদের বদলিকে হয়রানিমূলক বলে অভিযোগ করেছেন।ওই কর্মচারীদের ৩ অক্টোবর নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়। অন্যথায় ৪ অক্টোবর তাঁরা সরাসরি অব্যাহতিপ্রাপ্ত হবেন বলে বলা হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত বদলি হওয়া কর্মচারীদের জায়গায় নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আজ রোববার বদলি হওয়া কর্মচারিরা নতুন কর্মস্থলে যোগ দেবেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী প্রথম আলোকে বলেন, বদলি হওয়া ১০ জনের মধ্যে নয়জনের নামই একটি রিট মামলায় আছে। এ কারণে হয়রানি করার জন্য এই বদলি করা হয়েছে।বিশেষ শিক্ষাকেন্দ্রটি ১৯৯০ সালে যাত্রা শুরু করে। ১৯৯২ সালে অস্থায়ী এবং ২০০৮ সালে পুরোপুরি রাজস্ব খাতে যায়। ২০০১ সাল থেকে কেন্দ্রটিকে সমাজসেবা ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে দেওয়া নিয়ে টানাটানি চলছে। বর্তমান সরকার কেন্দ্রকে ফাউন্ডেশনের আওতায় আনে। ফলে গত জুন মাস থেকে কর্মরতদের বেতন নিয়ে জটিলতা দেখা দেয়। এ কারণে কেন্দ্রের দুই কর্মকর্তাসহ মোট ৩৭ জন হাইকোর্টে রিট করেছেন। দৃষ্টি, শ্রবণ ও মানসিক প্রতিবন্ধী বিদ্যালয়, বিদ্যালয়ের ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল, বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজসহ (বিএসএড) বিভিন্ন বিষয়ে কেন্দ্রটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। কেন্দ্রে মোট কর্মচারীর পদ ৬০টি। বর্তমানে ৪১ জন আছেন। শ্রবণপ্রতিবন্ধী মেয়েদের হোস্টেলের দায়িত্বে আছেন অতিরিক্ত হাউসপ্যারেন্ট। মানসিক প্রতিবন্ধী হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত হাউসপ্যারেন্ট কেন্দ্রের বাইরে থাকেন। এই অবস্থায় ১০ কর্মচারী চলে গেলে শিশুদের সার্বক্ষণিক দেখাশোনার লোকের অভাব হবে। কারণ, ওই ১০ জনের মধ্যে তিনজনই আছেন ‘অ্যাটেনডেন্ট’। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বদলি হওয়া অ্যাটেনডেন্ট তাহেরা বেগম বাচ্চাদের সঙ্গে ইশারায় কথা বলছেন। তিনি জানান, ১৯৯০ সাল থেকে তিনি এই কেন্দ্রে কাজ করছেন। ফলে ইশারায় কথা বলা তাঁর রপ্ত হয়ে গেছে। মানসিক প্রতিবন্ধী হোস্টেলের অ্যাটেনডেন্ট দুলারী বেগম ও ছেলেদের হোস্টেলের অ্যাটেনডেন্ট মুজিবুর রহমান জানান, এই শিশুদের কাছে অ্যাটেনডেন্ট হচ্ছে বাবা-মায়ের মতো। শিশুদের খাবার বেড়ে দেওয়া, জামাকাপড় পরিয়ে দেওয়া, অসুস্থ হলে দেখাশোনা করা, ঘর ঝাড়ু দিয়ে দেওয়াসহ সব কাজই করেন তাঁরা। এই অ্যাটেনডেন্টরা হোস্টেলের মধ্যেই থাকেন বলে সার্বক্ষণিক শিশুদের দেখাশোনা করতে পারেন। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ফাউন্ডেশন থেকে এই কর্মচারীদের সমাজসেবায় ফিরিয়ে নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। তাই তাঁদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, কর্মচারীদের স্বাভাবিক নিয়মেই বদলি করা হয়েছে। তাঁদের জায়গায় শিগগিরই নতুন লোক দেওয়া হবে।কেন্দ্রের অধ্যক্ষ শৈলেন্দ্র নাথ পাইক বলেন, এই প্রতিষ্ঠানে নতুন লোক দিয়ে কাজ চালানো কঠিন। তাই ১০ কর্মচারীর বদলি সাময়িক সমস্যার সৃষ্টি করবে।