প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় নতুন আইন তৈরির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ২০০১ সালে প্রতিবন্ধীদের জন্য একটি আইন করে। সে আইনে অধিকারের পরিবর্তে প্রতিবন্ধীদের কল্যাণকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ কারণে আইনটি প্রতিবন্ধীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাই জাতিসংঘ সনদের আলোকে নতুন আইন তৈরি করা প্রয়োজন।গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা আয়োজিত ‘প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার বিষয়ক জাতিসংঘ সনদ ও প্রতিবন্ধিতা আইন’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, দেশের এক কোটি ৬৪ লাখ প্রতিবন্ধী জনগোষ্ঠী সমাজের অবিচ্ছেদ্য অংশ। এদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। এই জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সরকার নতুন আইন তৈরির উদ্যোগ নিয়েছে।মন্ত্রী জানান, জাতীয় প্রতিবন্ধী ফোরামকে সরকার নতুন আইনের খসড়া করার দায়িত্ব দিয়েছে। শিগগিরই এই খসড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ে জমা দেবে সংস্থাটি।আইন প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় কোটা আছে, বিধিবিধান সবই আছে। কিন্তু এগুলো সঠিকভাবে মানা হচ্ছে না। নতুন আইনে প্রতিবন্ধীদের সব অধিকার নিশ্চিত করা হবে। তবে শুধু সাংবিধানিক সুরক্ষা বা আইন দিয়ে প্রতিবন্ধীদের অধিকার রক্ষা হবে না। অধিকার রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।সেমিনারের মূল প্রবন্ধে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ল স্কুল প্রোজেক্ট অন ডিজ-অ্যাবিলিটির বাংলাদেশ প্রোগ্রামের পরিচালক হেজ্জি স্মিথ তৃণমূল প্রতিবন্ধীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন আইনটি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।আলোচনায় অ্যাকশন অন ডিজ-অ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্টের (এডিডি) এদেশীয় পরিচালক মোশাররফ হোসেন বলেন, প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় শক্তিশালী আইন ও একটি পদ্ধতি গড়ে তোলা প্রয়োজন।হার্ভার্ড ল স্কুল প্রোজেক্ট অন ডিজ-অ্যাবিলিটির নির্বাহী পরিচালক মাইকেল স্টাইন, যুক্তরাষ্ট্রের অধ্যাপক মাইকেল ওয়াটারস্টন, জাতীয় প্রতিবন্ধী তৃণমূল সংস্থার আইন সম্পাদক বশির আল হোসাইন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেমিনারে আলোচনায় অংশ নেন। সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি মো. আকতার হোসেন।