প্রতিবন্ধীদের অধিকারবিষয়ক আইনটি জাতীয় সংসদে দ্রুত পাসের দাবি জানিয়েছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরাম এই দাবি জানিয়েছে।সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান সরকারের পাঁচ বছর শাসন মেয়াদের তিন বছর শেষ হয়েছে। দুই বছর বাকি আছে। কাজেই আইনটি প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করতে হলে অনতিবিলম্বে জাতীয় সংসদে পাস করতে হবে।খসড়া আইনটি সম্পর্কে সবার উন্মুক্ত মতামত আহ্বান করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য রাখা হয়েছে। এখন জাতীয় সংসদে আইনটি পাস করানোর বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারের সর্বোচ্চ মহলের অগ্রাধিকার তালিকায় বিষয়টি থাকতে হবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব জওয়াহেরুল ইসলাম। বক্তব্য দেন ফোরামের পরিচালক নাফিসুর রহমান ও অ্যাকশনএইড বাংলাদেশের সেক্টর-প্রধান রাবেয়া সুলতানা।বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অতীতে কোনো সরকারেরই রাজনৈতিক অঙ্গীকার ছিল না। তবে বর্তমান সরকারের আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যুগোপযোগী আইন প্রণয়ন ও তা বাস্তবায়নে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেছে। বক্তারা আইনটি দ্রুত পাসের দাবি জানিয়ে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রতিবন্ধীবিষয়ক জাতীয় নীতিমালা (১৯৯৫), বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন (২০০১) এবং প্রতিবন্ধীবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা (২০০৬) সংক্রান্ত তিনটি দলিলই অনুমোদিত হয়েছে বিভিন্ন সরকারের একেবারে শেষ সময়ে গিয়ে। দেশের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী এসব দলিল বাস্তবায়নে পরবর্তী সরকার কতটা আন্তরিক থাকতে পারে, তা সবারই জানা।সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, দেশে জনসংখ্যার ১০ শতাংশ প্রতিবন্ধী। স্বাধীনতার ৩০ বছর পর ২০০১ সালে জাতীয় সংসদে গৃহীত ও অনুমোদিত হয় ‘বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন, ২০০১’। প্রতিবন্ধীদের জন্য এটাই ছিল প্রথম আইনি স্বীকৃতি। কিন্তু প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা সুরক্ষা এবং তাদের টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে আইনটি উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি। ভ্রান্ত দৃষ্টিভঙ্গি এবং আইনি দুর্বলতা ছাড়াও দায়িত্ব পালনে বাধ্যবাধকতা না থাকা ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার কারণে আইনটির সুফল পাননি বেশির ভাগ প্রতিবন্ধী ব্যক্তি।