প্রতিবন্ধীদের উন্নয়নে চাই দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা ছাড়া প্রতিবন্ধী শিশুদের উন্নয়নের কোনো উপায় নেই। কিন্তু তাদের শিক্ষার বিষয়ে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র—কেউই যত্নবান নয়। সংকীর্ণ সামাজিক দৃষ্টিভঙ্গির কারণেই প্রতিবন্ধী শিশুরা পিছিয়ে আছে। প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে দরকার সামাজিক দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন। ব্যাপক সামাজিক আন্দোলনই এই পরিবর্তন নিশ্চিত করতে পারে।‘প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলধারায় নিয়ে আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা’ বিষয়ে গতকাল বৃহস্পতিবার সকালে এক গোলটেবিল আলোচনায় এসব কথা জানান বক্তারা। বেসরকারি সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় যৌথভাবে এই আলোচনার আয়োজন করে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এবং বেসরকারি সংগঠন সোশাল অ্যাসিসট্যান্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবল (এসএআরপিভি)।বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বব্যাংকের ২০১১ সালের বৈশ্বিক প্রতিবন্ধী প্রতিবেদন অনুসারে, দেশের প্রায় ১৯ লাখ মানুষ প্রতিবন্ধী। ইউনেসকোর ১৯৯৮ সালের তথ্য অনুযায়ী, প্রতিবন্ধীদের মধ্যে মাত্র ১০ শতাংশ শিক্ষার সুযোগ পায়। এর মধ্যে বয়স্কদের সংখ্যা তিন ভাগেরও কম, আর এখানে নারী মাত্র এক শতাংশ। এসব তথ্য প্রতিবন্ধীদের শিক্ষার করুণ চিত্র তুলে ধরে। তবে আলোচকেরা বলেন, প্রতিবন্ধীদের শিক্ষার জন্য আলাদা কোনো ব্যবস্থার দরকার নেই। শুধু চাই প্রতিবন্ধীবান্ধব পরিবেশ সৃষ্টি, তাদের প্রতি একটু বিশেষ নজর। কিন্তু এটা পাওয়াই দুর্লভ।’ গোলটেবিলের আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ ইব্রাহীম জানান, এর জন্য ঘোষণা, নীতিমালা বা আইনের কোনো দরকার নেই। সেই পরিবেশ তৈরি করতে হলে আগে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। সামাজিক সিদ্ধান্ত নিতে হবে আগে। টিকা দেওয়ার ক্ষেত্রে যেমন সামাজিক আন্দোলন হয়েছিল, এ ক্ষেত্রেও তাই করতে হবে। মুহাম্মদ ইব্রাহীম জানান, এর জন্য সমাজকে তৈরি হতে হবে। সমাজের একটা অংশ যে প্রতিবন্ধিতার শিকার সেটা বোঝানোর জন্য তৈরি হতে হবে শিক্ষাকেন্দ্রগুলোকেও। যেমন: প্রতিটি শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ডের পাশাপাশি থাকতে পারে বড় অক্ষরে মুদ্রিত বই, ম্যাগনিফাইং গ্লাস ইত্যাদি। প্রতিবন্ধী শিক্ষার্থী থাকুক আর নাই থাকুক, এমন প্রস্তুতি থাকা দরকার। প্রতিবন্ধীদের শিক্ষার মূলধারায় আনার আহ্বান জানিয়ে এসএআরপিভির প্রধান নির্বাহী শাহিদুল হক জানান, সঠিক পরিবেশ ও সুযোগ পেলে প্রতিবন্ধীরা সব স্বাভাবিক মানুষের মতোই প্রতিভার স্বাক্ষর রাখতে পারে, এর অজস্র প্রমাণ আছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্ল্যানের পরামর্শক ইকবাল হোসেন জানান, দেশে প্রতিবন্ধীদের সংখ্যা কত তার কোনো বিশ্বাসযোগ্য উপাত্ত নেই। আলোচক জুলিয়ান ফ্রান্সিস জানান, প্রতিবন্ধীদের শিক্ষার ক্ষেত্রে বড় বাধা আসে পরিবার থেকেই। এর একটা কারণ বাবা-মা মনে করেন প্রতিবন্ধীদের কোনো ভবিষ্যৎ নেই। প্রতিবন্ধীরা যে উপার্জনক্ষম হতে পারে, এই ধারণা তৈরি করতে হবে বলে মনে করেন তিনি।যাঁরা প্রতিবন্ধীদের জন্য কাজ করছেন তাঁদের সেই কাজ থেকে আনন্দ পেতে হবে বলে মনে করেন বেসরকারি সংগঠন সুয়েড-বাংলাদেশের জহুরুল হক।ডেইলি স্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই গোলটেবিল আলোচনা সঞ্চালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি ব্যবস্থাপক নজরানা ইয়াসমিন। সূচনা বক্তব্য দেন ডেইলি স্টার-এর এডিটর (ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খান। আলোচনা করেন সেভ দ্য চিলড্রেনের ব্যবস্থাপক মোহাম্মদ কামাল হোসেন, এনজিওবিষয়ক ব্যুরোর প্রতিনিধি মো. জহুরুল ইসলাম, মানবাধিকার-কর্মী এলিনা খান, গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা, নাগরিক উদ্যোগের জাকির হোসেন, ব্র্যাকের মুনীর উদ্দিন প্রমুখ।