দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা কত এবং তারা কী অবস্থায় আছে, এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য না থাকায় তাদের জন্য উন্নয়নমূলক কাজ করা যায় না। এ জন্য সরকার প্রতিবন্ধী মানুষের জাতীয় তথ্যভান্ডার (ডেটাবেইস) তৈরির কাজ শুরু করেছে। গতকাল রোববার ‘দারিদ্র্য, প্রতিবন্ধিত্ব ও ভিক্ষাবৃত্তি’ শীর্ষক গবেষণা প্রকাশ ও মতবিনিময়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হোসেন মোল্লা এ কথা বলেছেন। মানুষের জন্য ফাউন্ডেশন রাজধানীর এলজিইডি ভবনের আরডিসি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। যুগ্ম সচিব মো. হোসেন মোল্লা আরও বলেন, নানা অবহেলায় প্রতিবন্ধীদের জীবন কাটাতে হয়। সঠিকভাবে চিহ্নিত করতে না পারায় সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও প্রতিবন্ধীদের জন্য অনেক কিছুই করা সম্ভব হয় না। তাই প্রতিবন্ধী মানুষের উন্নয়নের জন্য সবার আগে তাদের ডেটাবেইস তৈরি করতে হবে। সরকার সেই লক্ষ্যে কাজ শুরু করেছে।তিনি বলেন, প্রতিবন্ধীদের যারা ভিক্ষাবৃত্তিতে জড়িত হতে বাধ্য করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তা ছাড়া তাদের মা-বাবা কিংবা পরিবারের সক্ষম ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যেন তাঁরা আয়ের হাতিয়ার হিসেবে প্রতিবন্ধীদের ব্যবহার না করেন।জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. নুরুল কবীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্ধৃতি দিয়ে জানান, দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় ১৩ লাখ। আর আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, দেশের ১০ শতাংশই প্রতিবন্ধী। এ ক্ষেত্রে সঠিক তথ্য না থাকায় তাদের চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রকল্প নেওয়া যায় না। জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম জানান, ঢাকায় চার থেকে ছয় হাজার প্রতিবন্ধী ভিক্ষুক আছে। তাদের মূল্যবোধ ও সামাজিক মর্যাদার পরিবর্তন করা না গেলে বিপুল অর্থ অনুদান দিয়েও তাদের ভিক্ষাবৃত্তি থেকে বিরত রাখা যাবে না।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শরমিন্দ নিলমী জানান, ভিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধিতাকে সমাজে এক করে দেখা হয়। তিনি বলেন, বাজেটে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য কিছু অর্থ বরাদ্দ করা হয়েছে। কিন্তু প্রতিবন্ধীদের জন্য সমন্বিত উদ্যোগ দেখা যায়নি।‘দারিদ্র্য, প্রতিবন্ধিত্ব ও ভিক্ষাবৃত্তি’ শীর্ষক গবেষণা উপস্থাপনকালে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মাহবুব আলম জানান, সমাজ-রাষ্ট্র-সংস্কৃতি নানাভাবে একটি গোষ্ঠীকে ভিক্ষাবৃত্তির দিকে ঠেলে দেয়। কাজের সুযোগ না থাকা, কম আয়, নদীভাঙনে ভূমিহীন হওয়া, পরিবারের সদস্যদের মাধ্যমে নির্যাতিত এবং সামাজিক শঙ্কা থেকেই নিজ এলাকা ছেড়ে মানুষ ভিক্ষাবৃত্তি শুরু করে। গবেষণায় বলা হয়, ভিক্ষুকদের ৪৫ শতাংশই খোলা জায়গায় থাকে। উপার্জিত অর্থ দিয়ে তারা পুষ্টিকর খাবার কিনতে পারে না। ভোটার তালিকায় তাদের নাম নেই। হাসপাতালের চিকিৎসকেরা তাদের ভালোভাবে চিকিৎসা করেন না। অনেক ক্ষেত্রে ভিক্ষুকের সন্তানকে বিদ্যালয়ে ভর্তিও করানো হয় না। মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রীনা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শামসুজ্জোহা, সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ নোমান, এডিডির কর্মকর্তা ফেরদৌসি বেগম প্রমুখ বক্তব্য দেন।