প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অর্থবছরের তুলনায় এবার প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ কমেছে। প্রতিবন্ধিতা বিষয়ে জরিপ চালানোর জন্য নতুন বাজেটে ৬০ কোটি টাকার মতো বরাদ্দ করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় প্রতিবন্ধী ফোরামের সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন। ফোরামের পক্ষ থেকে প্রাক-বাজেট প্রস্তাবনায় একাধিক বিষয় অন্তর্ভুক্ত করতে সরকারের কাছে সুপারিশ করা হয়েছিল। বাজেটে তার প্রতিফলন না থাকায় সেসব বিষয় পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ফোরামের মহাসচিব জওয়াহেরুল ইসলাম। বক্তব্য দেন ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম। ফোরামের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হারুন-অর রশীদ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য অনুযায়ী গত অর্থবছরে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ ছিল ১২৯ কোটি দুই লাখ টাকা। চলতি অর্থবছরে জরিপসহ বরাদ্দ করা হয়েছে ১৬৮ কোটি ৩২ লাখ টাকা। ফোরাম ৭২৮ কোটি ১০ লাখ টাকা বরাদ্দের দাবি জানিয়েছিল। জহুরুল আলম বলেন, ‘বাস্তবতা হলো জরিপ প্রকল্প ছাড়া প্রতিবন্ধী মানুষের জন্য অন্যান্য কর্মসূচির বাজেট বরাদ্দে প্রতিবন্ধী জনগণের প্রতি সরকারের অঙ্গীকারের বৈপরীত্য পরিলক্ষিত হচ্ছে।’সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আয়করের সীমা দুই লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে, যা একটি ইতিবাচক উদ্যোগ। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা ও সহায়ক উপকরণ সরবরাহ সম্প্রসারণের জন্য প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সংখ্যা ১৫ থেকে ২৫টি করার কথা বলেছে।