প্রতিবন্ধীদের নিয়োগ দিলে কর রেয়াত দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, সরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটা পূরণ করার পরই সাধারণ কোটা পূরণ করা হবে। বেসরকারি যেসব প্রতিষ্ঠান প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দেবে, তাদের কর রেয়াতসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।গতকাল রোববার ‘প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের অধিকার বাস্তবায়ন: নিয়োগকর্তাদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় মন্ত্রী এ কথা বলেন। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে এ আলোচনার আয়োজন করে।এতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের নিয়োগ দেবে, তাদের কর রেয়াত দেওয়া হবে। বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানি-রপ্তানির লাইসেন্স প্রাপ্তিতেও সহযোগিতা দেওয়া হবে। প্রতিবন্ধীদের প্রশিক্ষিত করে কাজের উপযোগী করা সরকারের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী এ জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেন।অ্যাকসেস বাংলাদেশের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, সরকারি-বেসরকারি সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত। তাঁদের চাকরি দেওয়ার ক্ষেত্রে নিয়োগকর্তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি কাজ করে।অ্যাকসেস বাংলাদেশের চেয়ারপারসন সি এম তোফায়েল সামি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির, জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব জাওয়াহেরুল ইসলাম, হ্যান্ডিক্যাফ ইন্টারন্যাশনালের প্রকল্প ব্যবস্থাপক জীবন উইলিয়াম গমেজ, অ্যাকশন এইডের শায়মা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।