প্রতিবন্ধীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাতে হবে
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রতিবন্ধীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রতিবন্ধী শিশুদের জন্য তরী ফাউন্ডেশন পরিচালিত স্কুল ফর গিফটেড চিলড্রেনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, প্রতিবন্ধীরাও যে সমাজের গুরুত্বপূর্ণ অংশ, এই সত্যকে অনুধাবন করতে হবে। তাদের অধিকার রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে।‘স্কুল ফর গিফটেড চিলড্রেন’ নামের এই বিশেষ বিদ্যালয়টির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার ঢাকার আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে আলোচনা সভা এবং স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তরী ফাউন্ডেশনের সভাপতি কাজী সাব্বির আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংস্থার নির্বাহী পরিচালক আশফাক-উল-কবীর, স্কুল ফর গিফটেড চিলড্রেনের পরিচালক মারুফা হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।