জাতীয় এক সিম্পোজিয়ামে বিশেষজ্ঞরা বলেছেন, প্রতিবন্ধী শিশুদের শনাক্তকরণ, অটিস্টিক শিশুদের যথাযথভাবে বেড়ে উঠতে সহায়তা করা, শ্রবণ-দৃষ্টিপ্রতিবন্ধীসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদের পাশে সরকার, অভিভাবকসহ সমাজের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে দাঁড়াতে হবে।জাতীয় প্রতিবন্ধী ফোরাম গতকাল বুধবার নগরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে প্রতিবন্ধিতা বিষয়ে দুই দিনব্যাপী জাতীয় এই সিম্পোজিয়ামের আয়োজন করে। গতকাল ছিল এর প্রথম দিন।উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের মূল দায়িত্ব সরকারের। তবে সরকারকে এ কাজে সহায়তা করছে জাতীয় প্রতিবন্ধী ফোরামসহ অন্যান্য সংস্থা। উদ্বোধনী ও প্রথম দিনের সমাপনী পর্বে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার মহাসচিব জওয়াহেরুল ইসলাম।বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন মিলনায়তনে অটিজম, প্রতিবন্ধী শিশু এবং শ্রবণ-দৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হয়।সিম্পোজিয়ামে বেসরকারি প্রতিষ্ঠান অ্যাকশন এইড, সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি), চাইল্ড সাইট ফাউন্ডেশন, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল, মানুষের জন্য ফাউন্ডেশন, সাইটসেভারসসহ বেশ কিছু দাতা সংস্থা ও এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিবন্ধী ও সমাজের বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধি অংশ নেন।