দেশে মাত্র চার শতাংশ প্রতিবন্ধী স্কুলে যায়। পাঁচ শতাংশ বিভিন্ন ক্ষেত্রে চাকরি করছে। তবে সরকারি চাকরিতে এক শতাংশ প্রতিবন্ধীও নেই। প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশের উন্নতি পুরোপুরি সম্ভব নয়। প্রতিবন্ধীদের সঙ্গে নিয়েই দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) বিশেষ শিক্ষা বিভাগ এ সভার আয়োজন করে। সভার প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশের ১০ শতাংশ মানুষ প্রতিবন্ধী। কিন্তু বাকি যে মানুষগুলো রয়েছে তারা আসলে মানসিকভাবে প্রতিবন্ধী কি না, সে বিষয়টি ভাবতে হবে। সম্প্রতি বখাটেদের উত্পাতে তরুণীদের আত্মহত্যার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, এসব বখাটে যুবক মানসিকভাবে প্রতিবন্ধী। জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম বলেন, হুইলচেয়ার নিয়ে প্রতিবন্ধীরা যেন উঠতে পারেন, সে ব্যবস্থা দেশের কোনো বাসে নেই। প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় নিতে সব মন্ত্রণালয়ে বিশেষ অর্থ বরাদ্দের দাবি জানান তিনি। সাইটসেভারস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ওয়াহিদুল ইসলাম বলেন, প্রতিবন্ধীদের বাদ দিয়ে সরকারের ঘোষিত দিনবদল সম্ভব নয়। আইইআরের পরিচালক সালমা আখতারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইনক্লুশন ইনিশিয়েটিভস ফর স্পেশাল নিডস বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আবুজ্জোহা আহমেদ নূর, বিশেষ শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শারমিন হক ও সহকারী অধ্যাপক তারিক আহসান।পরে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে টিএসসি চত্বর থেকে শোভাযাত্রা বের করেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ছাড়া বিভাগটি দুই দিনব্যাপী নানা কর্মসূচিও পালন করবে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, শোভাযাত্রা, বুলেটিন বোর্ড উদ্বোধন ও চলচ্চিত্র উত্সব।