প্রতিবন্ধীদের বিষয়টি এখনো শুধু সামাজিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখা হয়। তাদের মূলধারার উন্নয়নে অন্তর্ভুক্ত করা হয়নি।গতকাল মঙ্গলবার প্রতিবন্ধীবান্ধব বাজেট নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। তাঁরা প্রতিবন্ধীদের মূলধারার উন্নয়নে অন্তর্ভুক্ত করা ও বাজেটে তাদের জন্য বরাদ্দ বাড়ানোর সুপারিশ করেন। প্রতিবন্ধীদের অধিকারভিত্তিক আইন দ্রুত পাসেরও দাবি তোলা হয় বৈঠকে। মানুষের জন্য ফাউন্ডেশন এবং সিঁড়ি’র সহায়তায় ডেইলি স্টার ও এডিডি ইন্টারন্যাশনাল এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকের প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেন, ঠিকাদারেরা প্রতিবন্ধীদের চলাফেরায় সহায়ক ঢালুপথ (র্যাম্প) চেনেন না বলে নতুন তৈরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তা তৈরি করা হচ্ছে না। প্রতিবন্ধীরা যাতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসে ভাতার টাকা পায়, সে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।সমাজকল্যাণসচিব রণজিৎ কুমার বিশ্বাস বলেন, প্রতিবন্ধীদের জন্য আরও অনেক কাজ করতে হবে।বিশেষ অতিথি পিকেএসএফ চেয়ারম্যান অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নে সমন্বিত পরিকল্পনার আলোকে অগ্রাধিকার চিহ্নিত করে তার বাস্তবায়ন প্রয়োজন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, প্রতিবন্ধীদের বিষয়ে গণমাধ্যম-প্রতিষ্ঠানগুলো আগের চেয়ে সচেতন হয়েছে, তবে তা যথেষ্ট নয়।এডিডি ইন্টারন্যাশনালের দেশীয় পরিচালক মোশাররফ হোসেনের পাঠ করা মূল বক্তব্যে উল্লেখ করা হয় দেশে মোট প্রতিবন্ধীর সংখ্যা এক কোটি ৪৫ লাখ। প্রতিবন্ধীদের শিক্ষার দায়িত্ব সমাজকল্যাণের না হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের হওয়া উচিত বলে মত দেন সাংসদ রাশেদ খান মেনন। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী একমত পোষণ করে এ জন্য দ্রুত রুলস অব বিজনেস পরিবর্তন করার দাবি জানান। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, শুধু বাজেট বরাদ্দ বাড়িয়ে লাভ হবে না। বাজেটের বাস্তবায়ন জরুরি। অন্যদের মধ্যে তথ্য কমিশনার সাদেকা হালিম, এটিএন বাংলার অনুষ্ঠানপ্রধান নওয়াজিশ আলী খান, ডেইলি স্টার-এর প্রতিরক্ষাবিষয়ক সম্পাদক শাহেদুল আনাম খান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. নুরুল কবীর, সাংসদ জুনায়েদ আহমেদ প্রমুখ আলোচনায় অংশ নেন।