প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে আইন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে প্রয়োজনে আইন করা হবে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী বছর বিনা মূল্যে সব প্রতিবন্ধীকে তাদের ব্যবহারের উপযোগী বিশেষ পদ্ধতির বই দেওয়া হবে।গতকাল বুধবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) সেমিনার কক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট (টিকিউআই-সেপ) এই কর্মশালার আয়োজন করে। ‘প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্তকরণ’ শীর্ষক এই কর্মশালায় শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করে জাতীয় উন্নয়ন নিশ্চিত করা হবে।শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষানীতির আলোকে প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে। উদ্যোগের অংশ হিসেবে গতকালের কর্মশালাটি প্রথম আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. নোমান উর রশিদ কর্মশালায় সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম, টিকিউআই-সেপের পরিচালক নজরুল ইসলাম, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিতাই চন্দ্র সূত্রধর, নায়েমের মহাপরিচালক অধ্যাপক শামসুর রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন। কর্মশালায় জানানো হয়েছে, দেশের প্রায় ১০ শতাংশ মানুষ প্রতিবন্ধী। এর মধ্যে প্রায় চার শতাংশ শিক্ষার সুযোগ পেয়েছে। বিজ্ঞপ্তি।