প্রতিবাদের মুখে শতবর্ষী গাছ কাটা বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সামনের রাস্তার দুপাশে থাকা চারটি শতবর্ষী কড়ই গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার গাছগুলো কাটা শুরু করে বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষ। দুটি গাছের অধিকাংশ ডালপালা কেটে ফেলার পর পরিবেশবাদীদের বাধার মুখে গাছ কাটা বন্ধ করা হয়।গাছ কাটার জন্য বিশ্ববিদ্যালয়ের আরবরি কালচার দপ্তর গত ১৬ জানুয়ারি কয়েকটি পত্রিকায় বিজ্ঞাপন দেয়। এরপর ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের গাছ কাটা ও নিলাম কমিটির মূল্যায়ন সভায় সর্বোচ্চ দরদাতাকে রাস্তার বাম দিকের ৩, ৭ ও ৯ নম্বর এবং ডান দিকের ৯ নম্বর গাছ কাটার নির্দেশ দেওয়া হয়।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চারটি গাছের মধ্যে রাস্তার বাম দিকের একটি গাছ শুকিয়ে গেলেও কয়েকটি ডালে সবুজ পাতা আছে। আর ডান দিকের ৯ নম্বর গাছটি এখনো সতেজ। বাকি দুটি গাছ শুকিয়ে গেছে।বিশ্ববিদ্যালয়ের আরবরি কালচার দপ্তরের তত্ত্বাবধায়ক সৈয়দ হাদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘গাছগুলো শুকিয়ে গেছে। যেকোনো সময় ডাল ভেঙে পড়তে পারে। তাই জননিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ গাছগুলো কেটে ফেলা হচ্ছে।’বিশ্ববিদ্যালয় এলাকায় শতবর্ষী গাছ কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন, সিটিজেন রাইটস মুভমেন্ট, গ্রিন বেল্ট ট্রাস্ট, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলনের কর্মীরা জড়ো হন। তাঁদের দাবি, শতবর্ষী গাছের পাতা এমনিতেই কম থাকে। যে ডালগুলো একদম শুকিয়ে গেছে, সেগুলো কাটা যেতে পারে। তাই বলে পুরো গাছটি কেটে ফেলার প্রয়োজনীয়তা নেই বলে এসব সংগঠনের কর্মীরা মত দিয়েছেন। গাছ কাটার প্রতিবাদে আজ মঙ্গলবার বেলা ১১টায় পরিবেশবাদী সংগঠনগুলো ঘটনাস্থলে মানববন্ধন কর্মসূচি পালন করবে।