প্রতিবেদন না দেওয়ায় সংশ্লিষ্টদের আদালতে তলব করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়াসার পানি পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদন দাখিল না করায় হাইকোর্ট স্থানীয় সরকার সচিব মঞ্জুর হোসেন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠানের (বিসিএসআইআর) চেয়ারম্যান এস এম এম ইমামুল হকের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন। আগামী ১৮ আগস্ট তাঁদের আদালতে সশরীরে হাজির হতে বলা হয়েছে।গতকাল বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ফারাহ মাহবুব সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পাশাপাশি আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী দুই সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে।গত ১৫ মার্চ এইচআরপিবির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওয়াসার পানিতে ক্যানসার সৃষ্টির উপাদান টিএইচএম (ট্রাই-হেলোমেথেন) রয়েছে কি না, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পরীক্ষা করে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে স্থানীয় সরকার সচিবকে নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি রাজধানীর আটটি এলাকা থেকে ওয়াসার সরবরাহ করা পানি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠান (বিসিএসআইআর) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) থেকে পরীক্ষা করে এ-সংক্রান্ত প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়। এ ছাড়া বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি সরবরাহে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। আর পানি বিশুদ্ধকরণের ক্ষেত্রে ক্লোরিনের পরিবর্তে পার-ম্যাংগানেট ব্যবহারের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও জানাতে বলা হয়। তবে আদালতের নির্দেশনা অনুসারে বিএসটিআই সম্প্রতি প্রতিবেদন দাখিল করলেও বিসিএসআইআর প্রতিবেদন জমা দেয়নি। এ প্রেক্ষাপটে এইচআরপিবির পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ আদালত অবমাননার মামলাটি করেন ও শুনানি করেন। গতকাল শুনানি শেষে আদালত আদেশ দেন। বিএসটিআইয়ের প্রতিবেদন: হাইকোর্টের নির্দেশনা অনুসারে বিএসটিআই নমুনা পরীক্ষা করে। গত ১৯ মে এ-সংক্রান্ত প্রতিবেদন হলফনামা আকারে দাখিল করা হয়। প্রতিবেদনে ওয়াসার পানিতে ব্যাকটেরিয়াসহ গলিত অবস্থায় নানা পদার্থ পাওয়া যায়। প্রতিবেদনে দেখা যায়, রাজধানীর ২২টি স্থান থেকে যথাক্রমে ১১টি গভীর নলকূপ ও ১১টি ওয়াসার পানির লাইন থেকে এ নমুনা সংগ্রহ করা হয়। এই ২২টি নমুনার মধ্যে সাতটি স্থানের পানি বিশুদ্ধ ও নিরাপদ। সাতটির মধ্যে পাঁচটি স্থানের পানি নেওয়া হয়েছে গভীর নলকূপ ও দুটি স্থানের পানি ওয়াসার পাইপ লাইন থেকে নেওয়া। বাকি ১৫টি স্থানের পানি বিএসটিআইয়ের মানদণ্ডে উত্তীর্ণ নয়। এমনকি চারটি স্থানের পানিতে গলিত অবস্থায় বিভিন্ন পদার্থ পাওয়া গেছে। তবে তুলনামূলকভাবে গভীর নলকূপের পানি নিরাপদ।