প্রতিবেশীদের কারণে স্বাধীনতা বিপন্ন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান নয়, প্রতিবেশী দেশের দ্বারাই বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘প্রতিবেশী দেশের কারণেই আমাদের স্বাধীনতা বিপন্ন হবে। এ কারণেই জীবন থাকতে টিপাইমুখ বাঁধ করতে দেওয়া হবে না। ওই দেশকে করিডর দেওয়া হবে না।’ গতকাল শনিবার ঢাকা মহানগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় আজহারুল ইসলাম এসব কথা বলেন। ৫ এপ্রিল রাজধানীর মুক্তাঙ্গনে জামায়াতের সমাবেশ করতে না দেওয়ার নিন্দা জানিয়ে আজহারুল ইসলাম বলেন, এই সরকার সেদিন বায়তুল মোকাররম মসজিদে গিয়ে কর্মীদের ওপর হামলা চালিয়েছে। পুলিশ মসজিদের অবমাননা করেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, এই সরকার মুসলমানদের বন্ধু নয়। নারীনীতি প্রসঙ্গে আজহারুল ইসলাম বলেন, ‘আমরা নারী উন্নয়নের বিপক্ষে নই। কিন্তু নারীনীতি হবে কোরআন-সুন্নাহর পক্ষে। কিন্তু প্রস্তাবিত নারীনীতির বেশির ভাগ ধারাই কোরআনবিরোধী।’দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘এখন সরকার মুক্তাঙ্গনে জামায়াতকে কর্মসূচি পালন করতে দিচ্ছে না। কিন্তু সারা দেশ একদিন জামায়াতের জন্য মুক্ত হবে। কীভাবে সেটি করতে হয়, সেই প্রেসক্রিপশন জামায়াতের জানা আছে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করে ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান। কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মো. তাসনীম আলমসহ মহানগরের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।