প্রতিমন্ত্রীর মর্যাদা চান প্রশাসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার উন্নয়নে নিজেদের ভূমিকা আরও বাড়াতে চান জেলা পরিষদের প্রশাসকেরা। একই সঙ্গে প্রতিমন্ত্রীর পদমর্যাদা চান তাঁরা। বাড়াতে চান নিজেদের সম্মানীও। গতকাল বৃহস্পতির রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে জেলা পরিষদের উন্নয়নসংক্রান্ত বার্ষিক পর্যালোচনা সভায় এ দাবি জানান তাঁরা। 
প্রশাসকদের বক্তব্য, জেলা প্রশাসনের ব্যয় নির্বাহ এবং প্রকল্প তৈরিতে তাঁদের ক্ষমতা নেই। ছোটখাটো ব্যয় নির্বাহের জন্যও অনেক ক্ষেত্রে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হয়। সাংসদ ও মন্ত্রীদের পরামর্শ ছাড়া কোনো প্রকল্প গ্রহণের সুযোগও তাঁদের নেই। এ অবস্থার অবসান চান তাঁরা। এ ছাড়া জেলা পরিষদের প্রধান নির্বাহীদের বিচারিক ক্ষমতা দেওয়ারও দাবি করেন প্রশাসক ও নির্বাহীরা। অবশ্য এর আগেও তাঁরা একই ধরনের দাবি তুলেছিলেন।
জেলা পরিষদের প্রশাসকেরা গতকাল ক্ষমতা বৃদ্ধির দাবি তুললেও গত জুলাই মাসে ডিসি সম্মেলনে জেলা পরিষদের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলেছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছিলেন, জেলা পরিষদ নির্বাচন করার কোনো পরিকল্পনা সরকারের নেই। এমনকি জেলা পরিষদ রাখার প্রয়োজন আছে কি না, তা নিয়েও বিবেচনার প্রয়োজন রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা এই মন্ত্রী তখন বলেন, বেশি বেশি স্থানীয় সরকার কাজে আসে না।
জেলা পরিষদের প্রশাসকদের ক্ষমতা বৃদ্ধির দাবির বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, সমন্বিত ব্যবস্থা গড়ে না তুলে এখন ক্ষমতা দিলে আরও জটিলতা তৈরি হতে পারে। তিনি বলেন, জেলা পরিষদের ক্ষমতা বাড়ানোর সঙ্গে পরিষদ কার্যকর হওয়ার কোনো সম্পর্ক নেই। একটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকারব্যবস্থা হিসেবে পরিষদকে সরকার কীভাবে কার্যকর করতে চায় তার ওপরই অনেক কিছু নির্ভর করবে। কার্যকর করার প্রথম ধাপ হলো নির্বাচন। তোফায়েল আহমেদ বলেন, জেলা পরিষদকে বিচ্ছিন্ন দ্বীপের মতো রাখলে চলবে না। জেলা পরিষদের সঙ্গে জেলার সেবা ও প্রশাসনের একত্রীকরণ দরকার।
পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা বাদে বাকি ৬১টি জেলায় ২০১১ সালের ডিসেম্বর মাসে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। নিয়োগের সময় দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলা হলেও এখনো অনির্বাচিত ব্যক্তিদের দিয়েই চলছে জেলা পরিষদ।
সভায় সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এনামুল কবির ইমন বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে জেলার উন্নয়ন কর্মকাণ্ড তদারক করার কথা বলে প্রশাসকদের চিঠি দেওয়া হয়। কিন্তু চিঠির অনুলিপি সংশ্লিষ্ট বিভাগগুলোতে দেওয়া হয় না। ফলে তদারক করার সুযোগ থাকে না।
ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলা নিজেদের ‘ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার’ উল্লেখ করে বলেন, বর্তমান কাঠামোর মধ্যে কাজ করা সম্ভব কি না ভেবে দেখতে হবে।
পাবনার প্রশাসক সাইদুল হক জেলার উন্নয়ন কর্মকাণ্ডের সমন্বয় সভা জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে করার দাবি জানান।
রংপুর জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রশাসনের অনেক কর্মকর্তা আমাদের চেয়ে বেশি বেতন পান। কম বেতনের কারও নির্দেশ তাঁরা মানবেন কেন?’
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক আবদুস সালাম এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সব বক্তব্য তুলে ধরার প্রস্তাব করেন। তাঁর সঙ্গে একমত পোষণ করেন গাজীপুরের প্রশাসক সাবেক ডাকসু ভিপি আখতারুজ্জামান।
চাঁদপুরের প্রশাসক সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী প্রশাসকদের প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার দাবি জানান।
সভায় প্রশাসকেরা বলেন, জেলার ব্যপ্তি অনুসারে পরিষদে কর্মীর সংখ্যা কম। তাঁরা বলেন, মাত্র একজন সহকারী প্রকৌশলীর মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা সম্ভব নয়। জেলা পরিষদ কার্যালয়, ডাকবাংলোসহ বিভিন্ন স্থাপনা রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য কর্মীর অপ্রতুলতার কথা তুলে ধরেন। পাশাপাশি জেলা পরিষদের উন্নয়ন বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে সব জেলায় সমান বরাদ্দ না দিয়ে জনসংখ্যা, উপজেলা ও ইউনিয়নের সংখ্যা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।
জেলা পরিষদের উন্নয়নসংক্রান্ত গতকালের সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মনজুর হোসেন। এতে জেলা পরিষদের প্রশাসকেরাসহ প্রধান নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশলী, সাতটি বিভাগের বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসকদের দাবির বিষয়ে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মনজুর হোসেন বলেন, ক্ষমতা ও সম্মানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারটি নীতিগত। সেটা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নিতে হবে।