প্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যবসায়ীদের সমাবেশ ও শোক মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী শাহ আলম হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীরা দুই ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ করেছেন। পরে তাঁরা একটি শোক মিছিল বের করেন। গত বুধবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারান কাঁচামালের ব্যবসায়ী শাহ আলম। হত্যাকাণ্ডের চার দিন পেরিয়ে গেলেও হত্যার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।শ্যামবাজারের ব্যবসায়ীদের অভিযোগ, ওই এলাকার আড়তদার, পাইকারি ব্যবসায়ী ও বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাম্প্রতিককালে বেশ কিছু ছিনতাই ও ডাকাতির ঘটনা তাঁদের উদ্বিগ্ন করে তুলেছে। সর্বশেষ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহ আলমের হত্যার পর তাঁরা সোচ্চার হতে বাধ্য হয়েছেন।গতকাল রোববার শ্যামবাজারের প্রায় শ-তিনেক আড়তদার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁদের প্রতিষ্ঠান বন্ধ রাখেন। দুপুর ১২টার পর ব্যবসায়ীরা কৃষিপণ্য আড়ত বণিক সমিতির ব্যানারে একটি শোক মিছিল বের করেন। মিছিলটি শ্যামবাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে।সমিতির সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজি সাহিদ প্রথম আলোকে বলেন, শ্যামবাজারের ব্যবসায়ীরা একের পর এক ছিনতাই ও ডাকাতির ঘটনার শিকার হচ্ছেন। এ ক্ষেত্রে পুলিশ তাঁদের কোনো ধরনের সহযোগিতা করছে না।নিহত শাহ আলমের কর্মচারী রফিকুল ইসলাম জানান, গত বুধবার রাতে ট্রাক থেকে লাউ নামানোর কাজ করছিলেন তাঁরা। পাশে শাহ আলম দেখাশোনা করছিলেন। হঠাৎ তিনজন লোক জোর করে তাঁকে নৌকায় ওঠায়। ওই নৌকায় অপেক্ষা করছিল আরও কয়েকজন। দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে তাঁর কোমরে থাকা ৮৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। পরে রক্তাক্ত অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে মিটফোর্ডে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।শাহ আলমের স্ত্রী মিনা বেগম জানান, গত বুধবার রাত ১০টার দিকে তাঁর স্বামী বাসা থেকে আড়তে যান। গভীর রাতে তাঁর মৃত্যুর খবর পান। তাঁর স্বামীর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। বছরখানেক আগে একদল দুর্বৃত্ত অস্ত্র ঠেকিয়ে ৩৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছিল। এ ছাড়া আরও দুইবার তাঁর স্বামী সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন।এক মাস আগে শাহ আলমের বাবা খোরশেদ শেখ মারা যান। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে নারিন্দায় থাকতেন। রাব্বি (আট) ও ইলমা (চার) নামে তাঁর দুটি সন্তান রয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, শাহ আলম খুনের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার কোনো উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কারণে মামলাটি এগোচ্ছে না।শ্যামবাজারের ব্যবসায়ীরা জানান, গত সাত-আট মাস আগে রব ষ্টোরের ব্যবস্থাপক ফরিদ উদ্দিন প্রায় সাত লাখ টাকা ইসলামপুর ব্যাংকের সদরঘাট শাখায় জমা দেওয়ার পথে ছিনতাইকারীরা গুলি করে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। বছরখানেক আগে রাজশাহীর ব্যবসায়ী ফুল মোহাম্মদের ব্যবস্থাপকের কাছ থেকে ১৭ লাখ ও ১৩ জুন শ্যামবাজারের ব্যবসায়ী অসীম সাহার ১৩ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই হয়। এসব ঘটনার পরও ব্যবসায়ীরা ভয়ে কথা বলেননা।