প্রত্নস্থল রক্ষার নীতিমালার দাবিতে সংবাদ সম্মেলন
প্রশাসনের উদাসীনতা, স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী ও ধর্মব্যবসায়ীদের দাপটে দেশের প্রত্নসম্পদ রক্ষা করা যাচ্ছে না। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, দখলদারদের কাছে হাইকোর্টের নির্দেশনাও উপেক্ষিত হচ্ছে। আয়োজকেরা প্রত্নস্থল সংরক্ষণ ও প্রত্নসম্পদ রক্ষার্থে সরকারের কাছে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানায়।সংগঠন তিনটির মধ্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক শাহনাজ হুসনে জাহান, ঐতিহ্য সংরক্ষণ কমিটির প্রতিনিধি সাগর লোহানী ও জাতীয় প্রত্নসম্পদ রক্ষা পরিষদের আহ্বায়ক এম এ কামাল ইউরী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তাঁরা প্রাচীন দুর্গনগর মহাস্থানগড়, উয়ারী-বটেশ্বর, সর্ববৃহৎ দুর্গনগর ভিতরগড়, বোদেশ্বরী দুর্গ ও মন্দিরসহ দেশের সব কটি জেলায় অবস্থিত প্রত্নস্থলগুলোর বর্তমান অবস্থা তুলে ধরেন।