প্রত্যাশা পূরণ হয়নি রেসিডেনসিয়াল মডেলের
মোহাম্মদপুরের ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে উচ্ছ্বাস ছিল কম। কারণ গতবারের বোর্ডে পঞ্চম স্থান থেকে পিছিয়ে কলেজটি এবার নবম স্থানে।কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) মো. কামরুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘প্রত্যাশা অনুযায়ী আমাদের শিক্ষার্থীরা এবার ভালো ফলাফল করতে পারেনি। তবে দশের মধ্যে আছি, সে জন্য আমরা খুশি।’এবার এ কলেজের মোট ৬৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬৪২ জন। মোট জিপিএ-৫ পেয়েছেন ৩৫০ জন। কলেজে এবার গড় পাসের হার ৯৯ দশমিক ৮৪ শতাংশ। বিজ্ঞান বিভাগে ৪৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৬৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩১৫ জন। ব্যবসায় শিক্ষায় ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছেন। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩০ জন। মানবিক বিভাগের ৭৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন।কলেজটিতে গত বছর গড় পাসের হার ছিল ৯৯ দশমিক ৫৩ শতাংশ। সে হিসাবে এবার গড় পাসের হার বেড়েছে। গত বছর ৩০৯ জন জিপিএ-৫ পেয়েছিলেন। এবার জিপিএ-৫ পাওয়াদের সংখ্যাও বেড়েছে। গতবার তিনজন পরীক্ষার্থী অকৃতকার্য হন, এবার অকৃতকার্য হয়েছেন মাত্র একজন। সার্বিকভাবে স্থান অর্জনের প্রতিযোগিতায় কলেজটি একটু পিছিয়ে গেলেও যেসব পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, তাঁদের মধ্যে আনন্দের কমতি ছিল না। একজন আরেকজনকে দেখে প্রথমেই জানতে চাইছিলেন, জিপিএ-৫ পেয়েছেন কি না। উত্তর ‘হ্যাঁ’ হলেই জাপটে ধরে উল্লাসের চিৎকার। ছেলের সাফল্যে মায়েরা খুশিতে হাসবেন, না কাঁদবেন যেন বুঝতে পারছিলেন না। ফোনে আত্মীয়স্বজনকে খুশির খবরটি জানানো, শিক্ষকদের সালাম, মুঠোফোনে ছবি তোলার হিড়িক আর সাংবাদিকদের ক্যামেরার সামনে দল বেঁধে চেঁচাতে কলেজ প্রাঙ্গণের চেহারাটাই পাল্টে যায়।বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া রিফাত প্রথম আলোকে তিনি গর্বের সঙ্গে বলেন, ‘ফল ভালো করব বলেই তো কলেজে এসেছি। মনে ভয় থাকলে তো ঘরে বসেই ফলাফল জানতাম।’মো. আহসান উল্লাহ, তাপস কুমার, ইত্তেহাদুল মুসলেমিনসহ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনায় কেউ চিকিৎসক আবার কেউবা প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছেন বলে জানান।