প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ১১ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো বিতর্ক উৎসব উপলক্ষে আজ সোমবার মতবিনিময় সভায় অংশ নেন ঢাকা মহানগরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা। প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভায়। ছবি: হাসান রাজা।
প্রথম আলো বিতর্ক উৎসব উপলক্ষে আজ সোমবার মতবিনিময় সভায় অংশ নেন ঢাকা মহানগরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা। প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভায়। ছবি: হাসান রাজা।

‘যুক্তিতেই মুক্তি’—এই স্লোগান নিয়ে ১১ ফেব্রুয়ারি রাজধানীর লালমাটিয়া উচ্চবালিকা বিদ্যালয়ে প্রথম আলো আয়োজিত স্কুল বিতর্ক উৎসব ২০১৭ অনুষ্ঠিত হবে। তবে এর আগে ৮ ফেব্রুয়ারি বেলা দুইটায় একই বিদ্যালয়ে বিতার্কিকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রথম আলো বিতর্ক উৎসব উপলক্ষে আজ সোমবার বিকেলে প্রথম আলো কার্যালয়ে ঢাকা মহানগরের বিদ্যালয়গুলোর শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এখানে জানানো হয়, প্রথম আলো বিতর্ক উৎসবে ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের ৪০টি স্কুল অংশ নেবে। বিতর্ক প্রতিযোগিতায় সনাতনপদ্ধতিতে বিতর্ক অনুষ্ঠিত হবে। প্রতিযোগীরা ১১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রথম পর্ব, দ্বিতীয় পর্বে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল থেকে চূড়ান্ত পর্বে অংশ নেবে। প্রতিটি পর্বই নকআউট পর্ব। এর আয়োজক প্রথম আলোর বন্ধুসভা জাতীয় কমিটি।

মতবিনিময় সভায় লালমাটিয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার সাহা বলেন, ‘আমরা তর্ক করি, বিতর্ক করতে পারি না। পরিবার থেকেই বিতর্ক করা শুরু করতে হবে। মনকে যুক্তি দিয়ে মত দেওয়া ও মত গ্রহণ করার জন্য তৈরি করতে বিতর্কের কোনো বিকল্প নাই।’ তিনি আরও বলেন, বিতর্কের অর্থ হলো বিশেষভাবে তর্ক। এতে যুক্তি থাকে, দর্শন ও ভাষার গাঁথুনি থাকে। স্কুল থেকেই শিক্ষার্থীদের বিতর্কের প্রতি আগ্রহী করে তুলতে হবে। বিতর্কচর্চার মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ তৈরি হয়। তারা প্রশ্ন করতে শেখে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো শিক্ষক-শিক্ষার্থীরা এখন কোচিং-মুখী হয়ে গেছে। এ কারণে ফলে বিতর্কচর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মনোজগতের বিকাশ ঘটাতে হবে।

মতবিনিময় সভায় প্রথম আলোর সহযোগী সম্পাদক ও বিজ্ঞান চিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, যুক্তি দিয়ে বক্তব্য উপস্থাপন, ধৈর্য-সহিষ্ণুতা শেখার মধ্য দিয়ে কিশোরদের ‘গ্যাং কালচার’ বন্ধ হবে।

প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বলেন, বিতর্ক করলেই বিতার্কিক হতে হবে তা নয়। বিতর্কচর্চা জীবনের সব ক্ষেত্রেই কাজে লাগে। এমনকি ক্রিকেটার হতে গেলেও বিতর্কচর্চা কাজে লাগে।

মতবিনিময় সভায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বিসিএসআইআর বিদ্যালয়ের শিক্ষক নকুল চন্দ্র দাস, রায়েরবাগ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নিসা, কিশলয় বালিকা বিদ্যালয়ের প্রভাষক খন্দকার শারমিন, সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের শিক্ষক জিয়া হাসান প্রমুখ বক্তব্য দেন।

মতবিনিময় সভায় পাঠ্যবইয়ে বিতর্ক নিয়ে পাঠ অন্তর্ভুক্ত করতে পাঠ্যপুস্তক বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ ছাড়া পরীক্ষা ও পাঠ্যবইয়ের চাপ থেকে শিক্ষার্থীদের মুক্ত করার প্রতিও মনোযোগ দেওয়ার দাবি জানান শিক্ষকেরা।