প্রথম আলো-আইডিসি সপ্তম জাতীয় বিতর্ক উৎসব শুরু
সংসদে তুমুল বিতর্ক চলছে। প্রধানমন্ত্রী বলছেন, পুঁজির সংকট বাংলাদেশের উন্নয়নে মুখ্য সমস্যা। মেধা, শ্রম, শক্তি থাকা সত্ত্বেও শুধু পুঁজির অভাবে দেশ এগোতে পারছে না। অন্যদিকে বিরোধীদলীয় নেত্রী বলছেন, কোথায় পুঁজির সংকট? নীতিনির্ধারণে সরকারের ভুল আছে, তাই এ দশা। দুজনেই সমানে সমান, যুক্তি, তত্ত্ব, তথ্য ছাড়া কেউ কোনো কথাই বলছেন না।এই সংসদ বসেছিল গতকাল বুধবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রথম আলো-আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তম জাতীয় বিতর্ক উৎসবে। ‘স্বপ্নবাজ তরুণ, সফল অর্থনীতি এবং জাদুঘরের দারিদ্র্য’ স্লোগান নিয়ে রাজধানীর শীর্ষস্থানীয় ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এই বিতর্ক উৎসবে অংশ নিচ্ছে। আয়োজকেরা জানান, চতুর্থ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিশু স্তরে ২৪টি দল, অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল স্তরে ৩০টি দল এবং কলেজ পর্যায়ে ১৬টি দলের মধ্যে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই তর্কযুদ্ধ চলবে।বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বাংলাদেশের বিদ্যমান বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতি, অর্থনীতি, যুদ্ধাপরাধ, ক্ষুদ্রঋণ, পুঁজিবাদ, পররাষ্ট্রনীতি, তরুণ নেতৃত্ব ইত্যাদি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, বিতর্ক খুবই উচ্চমার্গের সাংস্কৃতিক চর্চা, বুদ্ধিবৃত্তিক চর্চা। রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহপাঠীদের নিপীড়নের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, যখন তার্কিকরা বিতর্ক করেন, যুক্তি দিয়ে যুদ্ধ করেন, কেউ কাউকে জানালা দিয়ে ফেলে দেন না। তিনি বলেন, এই তার্কিকদের মধ্যেই রয়েছেন ভবিষ্যতের নেতা, সাহিত্যিক, বৈজ্ঞানিক, একজন মাকসুদুল আলম, একজন মুসা ইব্রাহীম। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক আবু জাফর বলেন, যারা বিতর্ক করছে, তাদের অনেক বিষয় সম্পর্কে জ্ঞান রাখতে হয়, এই জ্ঞান তারা ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে পারে। যেকোনো পরিস্থিতিতে যুক্তি দিয়ে সাহসিকতার সঙ্গে কথা বলতে পারে। বিতর্ক মানুষকে সমৃদ্ধ করে। দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন স্কুলগুলোতে বিতর্ক প্রতিযোগিতার বিকাশে সবাইকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক দেওয়ান বাকিউল্লাহ ও আবদুল আজিজ। এই আয়োজনে কো-স্পন্সর হিসেবে রয়েছে প্রাণ-ম্যাঙ্গো জুস ও মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এবিসি রেডিও।