প্রথম আলো-আরডিএস জাতীয় বিতর্ক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নশীল দেশগুলো তাদের সংস্কৃতির মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরতে পারে বিশ্ববাসীর কাছে। পাশ্চাত্যের সংস্কৃতির আগ্রাসন প্রতিহত করতে প্রয়োজন সামাজিক বন্ধনগুলো আরও দৃঢ় করা। গতকাল বৃহস্পতিবার বিতার্কিকেরা তাদের যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে এই সত্য প্রতিষ্ঠা করার প্রতিযোগিতায় নেমেছিল। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে তিন দিনব্যাপী প্রথম আলো-আরডিএস তৃতীয় জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধন করেন অধ্যক্ষ কর্নেল মোসলেহ উদ্দিন ভূঁইয়া। রেমিয়েন্স ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক উৎসবে গতকাল স্কুল পর্যায়ের বিতর্কে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩০টি দল অংশ নেয়। কর্নেল মোসলেহ উদ্দিন ভূঁইয়া বলেন, তরুণ প্রজন্মকে বাঙালির ইতিহাস সম্পর্কে জানতে হবে। বিতর্ক চর্চার মাধ্যমে বিতার্কিকদের সত্য ইতিহাস প্রতিষ্ঠা করতে হবে। প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু বলেন, বিতার্কিকেরা বুদ্ধিবৃত্তিক তর্কের মাধ্যমে সত্যের সন্ধান করে, নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিতর্ক উৎসবের আহ্বায়ক ফেরদৌস আরা বেগম, উপাধ্যক্ষ সুলতান উদ্দিন আহমেদ ও কলেজের বিতর্ক সংগঠন আরডিএসের সভাপতি তানভীর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের পর গতকাল স্কুল পর্যায়ে বিতর্কের প্রথম পর্বে ‘উন্নয়নশীল দেশের অস্তিত্ব রক্ষায় সংস্কৃতিই প্রধান অস্ত্র’ এবং ‘সংস্কৃতি বনাম অপসংস্কৃতির কৃত্রিম বিভেদ সৃষ্টি করে গণসংস্কৃতির অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে’ বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। আজ উৎসবের দ্বিতীয় দিনে কলেজ পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হবে। উৎসবের প্রচার সহযোগী এবিসি রেডিও ও মাছরাঙা টেলিভিশন। অনলাইন সহযোগিতায় www.prothom-alo.com। সার্বিক সহযোগিতায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও প্রথম আলো।