প্রথম আলো-এমজিবিএসডিসি বিতর্ক প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সমঝোতাই পারে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে। আমাদের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতি গতিশীল করতে সমঝোতার রাজনীতির পরিবেশ অত্যন্ত জরুরি। বিতর্ক প্রতিযোগিতার প্রথম দিনে গতকাল নানা যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে বিতার্কিকেরা এসব কথা বলে। গতকাল বুধবার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় মিলনায়তনে ছয় দিনব্যাপী প্রথম আলো-এমজিবিএসডিসি ১২তম আন্তস্কুল, চতুর্থ শিশু ও তৃতীয় আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা-২০১২ উদ্বোধন করা হয়। মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ডিবেটিং ক্লাব (এমজিবিএসডিসি) আয়োজিত বির্তক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু পর্যায়ে ২৪টি, স্কুল পর্যায়ে ৩২টি ও ক্লাব পর্যায়ে ১৬টি দল অংশ নেয়। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুল হক বলেন, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি সহশিক্ষার চর্চা করতে হবে। প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বলেন, বিতর্কের মাধ্যমে বর্তমানে তরুণদের মধ্যে যুক্তিভিত্তিক চিন্তার যে প্রসার ঘটছে, তা বাংলাদেশকে ভবিষ্যতে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহরাব হোসেন মোল্লা, বিতর্ক ক্লাবের মডারেটর শামিমা আখতার, সভাপতি অমিত প্রামাণিক ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ শাওন। ‘সমঝোতার রাজনীতি, গতিশীল অর্থনীতি’ স্লোগান সামনে রেখে গতকাল শুরু হওয়া বিতর্ক প্রতিযোগিতার প্রথম দিনে স্কুল ও শিশু পর্যায়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। উৎসবের প্রচার সহযোগী ছিল এবিসি রেডিও, চ্যানেল আই ও প্রথম আলো অনলাইন ডটকম। সার্বিক সহযোগিতায় ছিল মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ও প্রথম আলো।