প্রথম আলো-জেডিসি বিতর্ক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা স্বপ্ন দেখি, তাই বিজয় আমাদের’ স্লোগান নিয়ে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ‘প্রথম আলো-জেডিসি বিতর্ক উৎসব ২০১০’। রাজধানীর সেন্ট যোসেফ হাইয়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে ছয় দিনব্যাপী এই বিতর্ক উৎসব হচ্ছে।প্রথম আলোর সহযোগিতায় সেন্ট যোসেফ স্কুলের বিতার্কিকদের সংগঠন যোসেফাইট ডিবেটিং ক্লাব (জেডিসি) এই বিতর্ক উৎসবের আয়োজন করেছে।এ বছর চারটি শাখায় বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে। শাখাগুলো হলো: আন্তস্কুল, আন্তস্কুল ইংরেজি, আন্তকলেজ ও বারোয়ারি।স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় রাজধানীর ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৪টি দল এবং কলেজ পর্যায়ে আটটি কলেজ থেকে ১২টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতা শেষ হবে আগামী ২৩ অক্টোবর।প্রথম আলোর উপফিচার সম্পাদক জাহিদ রেজা নূর গতকাল বিকেলে এই বিতর্ক উৎসবের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, মানুষের স্বপ্ন কখনো শেষ হয় না। এ স্বপ্নই বেঁচে থাকার অনুপ্রেরণা। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের শুধু পাঠ্যবইয়ের পোকা বানালে হবে না। তাদের ভালো বই পড়তে দিতে হবে, খেলতে দিতে হবে, ভালো ভালো ছবি দেখতে দিতে হবে। এসব তাদের মানস গঠনে সহায়তা করবে।সেন্ট যোসেফ হাইয়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা বলেন, ‘আমরা অনেকে গায়ের জোরে, শক্তির জোরে জিততে চাই। এটি ঠিক নয়। যুক্তির জোরে জিততে হবে।’ তিনি বিতর্ক, খেলাধুলা সবকিছুর সঙ্গে শিক্ষাকে সম্পৃক্ত করার আহ্বান জানান।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে যোসেফাইট ডিবেটিং ক্লাবের প্রধান মডারেটর সঞ্জয় দে, স্কুলের বাংলা বিভাগের শিক্ষক নির্মল সরকার বক্তব্য দেন।উদ্বোধনী অনুষ্ঠানের পর স্কুল পর্যায়ে সংসদীয় পদ্ধতিতে প্রথম পর্বের বিতর্ক শুরু হয়। ‘তথ্যপ্রযুক্তিই বর্তমান বিশ্বে সবচেয়ে বড় অস্ত্র’—এই প্রস্তাবনার পক্ষে-বিপক্ষে (সরকারি দল ও বিরোধী দল) অংশ নেয় দলগুলো। কলেজ পর্যায়ের দলগুলো ‘সব রাষ্ট্রের পরমাণু অস্ত্র রাখার অধিকার থাকা উচিত’—এই প্রস্তাবনার পক্ষে-বিপক্ষে বিতর্কে অংশ নেয়। স্কুল পর্যায়ের বিজয়ী ১২টি দল ও কলেজ পর্যায়ে বিজয়ী ছয়টি দল পরবর্তী পর্বে অংশ নেবে।