প্রথম আলো-ঢাকা রেসিডেনসিয়াল কলেজ বিজ্ঞান মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবিষ্কারের নেশায় ডুবে থাকা খুদে বিজ্ঞানীদের চোখে নানা স্বপ্ন। কেউ কলকারখানার বর্জ্য থেকে নদীগুলোকে বাঁচাতে চায়, কেউ স্বপ্ন দেখে বিদ্যুত্ সমস্যার সমাধান করার। তাদের স্বপ্ন বাস্তবে রূপ দিতে শুরু হয়েছে ‘প্রথম আলো-ঢাকা রেসিডেনসিয়াল কলেজ আন্তস্কুল ও কলেজ বিজ্ঞান মেলা-২০১১’। মেলায় এসব বিজ্ঞানীর বিভিন্ন প্রকল্প প্রদর্শিত হচ্ছে।গতকাল বৃহস্পতিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। মেলা আজ শুক্রবার বেলা তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।ঢাকা ও ঢাকার বাইরের ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। দুটি বিভাগে শিক্ষার্থীরা অংশ নিয়েছে। জুনিয়র বিভাগে আছে নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীরা আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সিনিয়র বিভাগে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুটি বিভাগে মোট ১০৫টি প্রকল্প প্রদর্শন করছে।প্রকল্প প্রদর্শনী ছাড়াও অনুষ্ঠিত হচ্ছে গণিত অলিম্পিয়াড, কেমেস্ট্রি অলিম্পিয়াড, অ্যাস্ট্রো-ফিজিক্স অলিম্পিয়াড, সুডোকু অলিম্পিয়াড, বিজ্ঞানভিত্তিক উপস্থিত বক্তৃতা ও কুইজ। এবারের মেলায় রয়েছে নতুন দুটি আয়োজন—বিজ্ঞানবিষয়ক দেয়াল পত্রিকা ও স্ক্রেপবুক প্রতিযোগিতা। গতকাল সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঢাকা রেসিডেনসিয়াল কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মো. শহীদুর রশীদ ভূঁইয়া ওই মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান খান। উদ্বোধন শেষে তাঁরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।