প্রথম আলো-ঢাকা রেসিডেনসিয়াল কলেজ বিজ্ঞান মেলা শেষ
বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত ‘প্রথম আলো-ঢাকা রেসিডেনসিয়াল কলেজ আন্তস্কুল ও কলেজ বিজ্ঞান মেলা-২০১১’ গতকাল শনিবার শেষ হয়েছে। মেলায় প্রদর্শিত খুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রকল্প যেমন বড়দের মুগ্ধ করেছে, তেমনি শিক্ষার্থীদের মধ্যেও বাড়িয়ে দিয়েছে নতুন কিছু করে দেখানোর আকাঙ্ক্ষা।তিন দিনব্যাপী ওই মেলায় ঢাকা ও ঢাকার বাইরের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুটি বিভাগে অংশ নেয়। জুনিয়র বিভাগে আছে নবম-দশম শ্রেণী আর সিনিয়র বিভাগে একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। তাদের কেউ তৈরি করেছে আধুনিক নগর কেমন হওয়া উচিত, কেউ করেছে সৌরবিদ্যুৎ প্লান্ট, কেউবা তৈরি করেছে দুর্ঘটনা প্রতিরোধকারী জাহাজ। শুধু তা-ই নয়, ভূমিকম্প নিরোধক ভবন, বিদ্যুৎ উৎপাদনের সহজ উপায়, বর্জ্য ব্যবস্থাপনা ও এর পুনঃব্যবহার নিয়েও শিক্ষার্থীরা তৈরি করেছে প্রকল্প।প্রকল্প প্রদর্শনী ছাড়াও মেলা উপলক্ষে আয়োজন করা হয় গণিত, কেমিস্ট্রি, অ্যাস্ট্রো-ফিজিক্স, সুডুকু অলিম্পিয়াড। এর সঙ্গে ছিল বিজ্ঞানভিত্তিক উপস্থিত বক্তৃতা, কুইজ, বিজ্ঞানবিষয়ক দেয়াল পত্রিকা ও স্ক্রেপবুক প্রতিযোগিতা।শিক্ষার্থীদের তৈরি এসব প্রকল্প ও তিন দিনব্যাপী প্রতিযোগিতার স্বীকৃতি মেলে বিকেলে। বিজয়ীদের মধ্যে তখন পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়ে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।পুরস্কার বিতরণের আগে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক বলেন, শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান শিক্ষাকে আনন্দদায়ক করার লক্ষ্যে কাজ করছে। এ জন্য কর্মপন্থা নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিমধ্যে কাজও শুরু করেছে। শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।বিশেষ অতিথি প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে বিজ্ঞানভিত্তিক দেশ গড়তে হবে। এ জন্য শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানশিক্ষা ও চর্চা বাড়াতে হবে।দেশের বিভিন্ন স্থানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন বিজ্ঞান মেলার আয়োজন করতে পারে, সে জন্য শিক্ষা মন্ত্রণালয়ের একটি পৃথক তহবিল থাকা উচিত বলে মন্তব্য করেন কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান খান। অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ (প্রভাতি শাখা) সুলতানউদ্দিন আহমেদ বক্তব্য দেন।