প্রথম আলো-বুয়েট ডিসি জাতীয় বিতর্ক শুরু
তর্ক-বিতর্ক, যুক্তি-পাল্টা যুক্তির মাধ্যমে দেশ এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে প্রথম আলো-বুয়েট ডিসি পঞ্চম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা এবং বুয়েট ডিবেটিং ক্লাবের ২০ বছর পূর্তি উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।বুয়েট ডিবেটিং ক্লাব আয়োজিত উৎসব চলবে ২২ জুলাই পর্যন্ত। উৎসবে আন্তস্কুল, আন্তকলেজ ও আন্তক্লাব পর্যায়ে বাংলা ও ইংরেজি মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মিলনায়তনে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, একটি বুদ্ধিনির্ভর সমাজ গঠনে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানুষের মানবিকতা ফিরিয়ে আনতে, দেশপ্রেম জাগ্রত করতে বিতর্ক অনেক গুরুত্বপূর্ণ মাধ্যম। আর ছাত্রজীবনেই সেই বিতর্কের ভিত রচনা করা প্রয়োজন। মেধার সঙ্গে মূল্যবোধ ও দেশাত্মবোধের সমন্বয় ঘটাতে হবে।পরিবেশমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদে আগের মতো বিতর্ক হয় না। সরকারি দল থাকলে বিরোধী দল থাকে না। এসব কারণে কার্যকর বিতর্ক সেখানে হয় না। বুয়েট ডিবেট ক্লাবের কার্যক্রম জাতীয় জীবনে প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস।’ বুয়েটের সহ-উপাচার্য এম হাবিবুর রহমান বলেন, ডিবেটিং ক্লাবের মাধ্যমে যোগ্য প্রতিনিধি তৈরি করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। সে জন্য তরুণ সমাজকেই এগিয়ে আসতে হবে। প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান বলেন, ‘জাতির এগিয়ে চলার জন্য বিতর্ক প্রয়োজন। কিন্তু আমাদের রাজনীতি সেই বিতর্কে ভয় পায়। তরুণেরাই পারে স্বপ্ন দেখাতে, স্বপ্ন পূরণ করতে।’বুয়েট ডিবেটিং ক্লাবের মডারেটর কবিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক নজরুল ইসলাম ও বুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি রাকিবুল হাসান মাহমুদ। ক্লাবের সাধারণ সম্পাদক সুদীপ্ত সাহা ও পরিচালক প্রতীতি পিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রতিবছরের মতো এবারও এ বিতর্ক প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রথম আলো। অনুষ্ঠানে সহযোগিতা করছে শেলেটক্, এনার্জিপ্যাক, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউরোকোলা, ঈগলু, রকমারি ডট কম, রিটেইল জবস বিডি ডট কম এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশটিভি, রেডিও এবিসি ও প্রথম আলো ডটকম।