প্রথম আলোর কর্মীদের দন্তসেবা দিল সেবা
তাঁরা সবাই দাঁতের চিকিৎসক। স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে পাস করে চিকিৎসক হয়ে তাঁরা কেউই সামাজিক দায়বদ্ধতাকে দূরে সরিয়ে রাখেননি। সামাজিকভাবে তাঁরা সবাই দায়বদ্ধ বলেই স্বল্প আয়ের মানুষ ও অপেক্ষাকৃত দরিদ্র জনগোষ্ঠীর দন্ত-সেবার জন্য স্ব-উদ্যোগী হয়ে গড়ে তুলেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠান। ‘সোসাইটি ফর এনভায়রনমেন্ট হেলথ এডুকেশন’ (সেবা) নামের এই প্রতিষ্ঠানটি স্বল্প আয়ের মানুষের জন্য গড়ে তুলেছে বিনা মূল্যে দন্ত চিকিৎসার ব্যবস্থা। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রত্যেক চিকিৎসক সপ্তাহে দুদিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কর্মজীবী মানুষের দাঁতের চিকিৎসা করে থাকেন। দিয়ে থাকেন বিভিন্ন পরামর্শ। সামাজিক দায়বদ্ধতার এই অপূর্ব উদাহরণ সৃষ্টি করা বেসরকারি সংগঠন সোসাইটি ফর এনভায়রনমেন্ট হেলথ এডুকেশনের চিকিৎসকেরা গতকাল রোববার ঘুরে গেলেন প্রথম আলো কার্যালয়ে। দিনব্যাপী দন্ত-সেবা ক্যাম্পের মাধ্যমে তাঁরা জানিয়ে গেলেন নিজেদের সামাজিক দায়বদ্ধতার ব্যাপারগুলো।এই সংগঠনের অন্যতম সদস্য রাহুল মিত্রর কাছে জানতে চাওয়া হয়েছিল পুরো বিষয়টি সম্পর্কে। তিনি প্রথম আলোকে বলেন, যেহেতু দাঁতের চিকিৎসা অন্যান্য চিকিৎসার তুলনায় বেশি খরচ সাপেক্ষ, তাই স্বল্প আয়ের মানুষেরা পারতপক্ষে দাঁতের চিকিৎসা করান না। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিনা মূল্যে মূলত দরিদ্রদেরই দাঁতের চিকিৎসা করে থাকি। তিনি আরও বলেন, এ পর্যন্ত সোসাইটি ফর এনভায়রনমেন্ট হেলথ এডুকেশন ৩১ হাজারের বেশি পোশাকশ্রমিকের কাছে দন্ত-সেবা পৌঁছে দিয়েছে। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত পাঁচ হাজারের বেশি শিশু ও প্রায় সাত হাজার বস্তিবাসী আমাদের সংগঠনের মাধ্যমে এই সেবার আওতায় এসেছে।প্রথম আলোয় এই সংগঠনের দন্ত-সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন ছয়জন দন্তচিকিৎসক। তাঁরা হলেন রাহুল মিত্র, বিনয় দাস, কারিসমা শারমীন হক, রাশেদুল হাসান, কামরুন্নাহার ও রাজিয়া সুলতানা। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন খান ও সহকারী সচিব প্রীভেল পাল।