প্রথম আলোর সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন সেই চিকিৎসক
চিকিৎসাসনদের জন্য রোগীর স্বজনের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পীযূস কান্তি মিত্র প্রথম আলোর প্রতিবেদক কাজী আনিছকে হেনস্তা করেছেন। তিনি কাজী আনিছকে প্রাণনাশের হুমকি দেন।গতকাল বুধবার দুপুরে মেডিকেলের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটান ওই চিকিৎসক। গত বছরের ২৩ ডিসেম্বর প্রথম আলোতে ‘চিকিৎসকের কাণ্ড’ শিরোনামে একটি প্রতিবেদন করেন আনিছ। রোগীর স্বজন সেজে চিকিৎসক পীযূসের ঘুষ চাওয়ার প্রমাণ সাপেক্ষে প্রতিবেদনটি করা হয়। ঘুষ নেওয়ার অভিযোগ তদন্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ একটি কমিটি করলেও এখনো প্রতিবেদন দেয়নি। ওই তদন্ত কমিটিতে কাজী আনিছ সাক্ষ্য দিতে গেলে তখনো গালিগালাজ করেন এই চিকিৎসক। গতকাল বেলা দেড়টায় পেশাগত কাজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান কাজী আনিছ। তাঁকে দেখতে পেয়ে চিকিৎসক পীযূষ কান্তি তেড়ে আসেন এবং অশ্লীল ভাষায় কাজী আনিছকে গালিগালাজ করে বলেন, ‘দেখছস ধইরা ধইরা সাংবাদিক পিটাইতেছে, তোরেও মাইরা ফেলমু।’ এরপর পীযূষ গালিগালাজ করতে করতে কাজী আনিছকে ধাক্কাতে শুরু করেন। তাঁর হাত ধরে টেনে কিছুদূর নিয়ে যান। এ সময় অন্য সাংবাদিকেরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং পুুলিশ ডাকলে পীযূষ দৌড়ে ভেতরে চলে যান।কাজী আনিছ এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন।