
ঈদ মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। আর বাড়ি ফেরা মানেই আগের রাত থেকে লাইনে দাঁড়িয়ে বাস বা ট্রেনে যাত্রার অগ্রিম টিকিট কাটা। কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কারও কাঙ্ক্ষিত টিকিট পেয়ে মুখে বিজয়ীর হাসি, কারও ব্যর্থ হয়ে খালি হাতে ফেরা। ঈদের আগের অগ্রিম টিকিট বিক্রির পুরোনো এ দৃশ্যই আবারও দেখা গেল গতকাল শুক্রবার।
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গতকালই শুরু হয়েছে দূরপাল্লার বিভিন্ন বাসের অগ্রিম টিকিট বিক্রি। প্রথম দিনেই ঈদের আগের তিন দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে দাবি করলেন আগাম টিকিট বিক্রি করা বিভিন্ন পরিবহন কোম্পানির কর্মকর্তারা।
গতকাল সকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও টিকিটপ্রত্যাশী মানুষ গত বৃহস্পতিবার গভীর রাত থেকেই রাজধানীর গাবতলী, কল্যাণপুর, শ্যামলীতে বিভিন্ন বাস কাউন্টারগুলোতে ভিড় জমান। রাতভর অপেক্ষার পর সকালে টিকিট পেয়ে অনেকেই ছিলেন উচ্ছ্বসিত, আবার কাঙ্ক্ষিত দিনের টিকিট পাননি অনেকে। তাঁদের কেউ কেউ ফিরেছেন খালি হাতে, কেউবা অন্য দিনের টিকিট কিনে।
গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল, কল্যাণপুর, শ্যামলী ও মিরপুর মাজার রোডের বাস কাউন্টার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন গন্তব্যের টিকিট বিক্রি হয়। এসব এলাকার কাউন্টারগুলোর কর্মকর্তারা বলেছেন, বেশির ভাগ টিকিটপ্রত্যাশীই গতকাল ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বরের টিকিট চেয়েছেন। কিন্তু এই দিনগুলোর টিকিট শেষ। তবে ১৭ সেপ্টেম্বর থেকে অন্যান্য দিনের টিকিট রয়েছে।
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এ কে এম আরিফ হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় হানিফ এন্টারপ্রাইজের গাবতলীর বালুরমাঠ কাউন্টারে টিকিটের জন্য দাঁড়িয়ে ছিলেন। সারা রাত অপেক্ষার পর সকালে ঠাকুরগাঁওয়ে যাত্রার জন্য ২৩ সেপ্টেম্বরের পাঁচটি টিকিট পেয়েছেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কষ্ট হলেও টিকিট পেয়ে তিনি খুশি। ভাড়া কত রেখেছে জানতে চাইলে তিনি বলেন, অন্য সময়ে ৬৫০ টাকা রাখলেও এখন ৮৫০ টাকা রেখেছে।
গাবতলী ও কল্যাণপুরে উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যে চলাচল করা ন্যাশনাল, দেশ, হানিফ, এসআর, আল হামরা, নাবিল ও শ্যামলী পরিবহনের কাউন্টারগুলোতে বৃহস্পতিবার রাত থেকেই ভিড় ছিল। তবে অনেকে ২২, ২৩ ও ২৪ তারিখের টিকিট না পেয়ে খালি হাতে ফিরেছেন।
হানিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মোশাররফ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ২৫ সেপ্টেম্বর ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। এ কারণে ২৩ ও ২৪ সেপ্টেম্বরের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। প্রথম দিনে যত লোক এসেছেন, তাঁদের প্রায় সবাই ২২, ২৩ ও ২৪ তারিখের টিকিট নিয়েছেন। এখন আর এই তিন দিনের টিকিট নেই। তবে ১৭ তারিখ থেকে অন্যান্য দিনের টিকিট আছে।
মোশাররফ হোসেন বলেন, সরকারের কাছে দাবি, মহাসড়কে বা মহাসড়কের পাশে যেন কোনোভাবেই পশুর হাট না বসে। মহাসড়কে হাট না বসলে ঈদযাত্রা নির্বিঘ্ন করা যাবে। শ্যামলী, এসআর, নাবিলসহ অন্য কাউন্টারের কর্মকর্তারাও একই কথা বললেন।
বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৬ সেপ্টেম্বর। ওই দিন থেকে বিআরটিসির গাবতলী, কল্যাণপুর ও মতিঝিল বাস ডিপো থেকে টিকিট বিক্রি করা হবে। সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি হবে আজ শনিবার থেকে। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে ১৫ সেপ্টেম্বর থেকে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গাবতলী ও কল্যাণপুরে ভিড় থাকলেও মহাখালী ও সায়েদাবাদে অগ্রিম টিকিটের জন্য ভিড় নেই। এবার ঈদে যাত্রী দুর্ভোগ কম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।