প্রথম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখায় প্রথম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় স্কুল মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে নাম ওঠা শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম ২৯ নভেম্বর থেকে শুরু হবে।
লটারি উপলক্ষে সকাল থেকেই স্কুলের সামনে অভিভাবকেরা ভিড় করেন। অনেকে সঙ্গে করে সন্তানকেও নিয়ে আসেন। লটারিতে নাম ওঠা শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা আনন্দে মেতে ওঠেন। তবে লটারির মাধ্যমে পছন্দের স্কুলে সন্তানকে ভর্তি না করতে পেরে অনেক অভিভাবক হতাশা নিয়ে ফিরে গেছেন।
লটারি পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল্লাহ। তিনি বলেন, ‘সরকারি নীতিমালা অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছ-প্রক্রিয়ায় সবার সামনে লটারি করে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করেছি।’
প্রথম শ্রেণিতে ১৫০ ছাত্র আসনের বিপরীতে ২৭৩ জন এবং ১২০ জন ছাত্রী আসনের বিপরীতে ২৬৫ জন আবেদন করে। ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করা হবে। এর মধ্যে কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, স্কুলের বনশ্রী শাখার পরিচালক শেখ মো. ফরিদ আহমেদ, মহিউদ্দিন আহমেদ, আবুল হোসেন মোল্লা প্রমুখ।