প্রথমবারের মতো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্য কিনে কোনো ক্রেতা প্রতারিত হচ্ছেন কি না বা ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করতে দেশে প্রথমবারের মতো রাজধানীর বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের তিন ব্যবসায়ীকে জরিমানা করার মধ্য দিয়ে ওই অভিযান শুরু করেন।গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান পরিচালনাকারী দলটি ওই মার্কেটের সেলিম জেনারেল স্টোরে অভিযান চালায়। দোকানে রাখা একটি ট্যাংয়ের প্যাকেট ও মার্কস গুঁড়ো দুধের প্যাকেটে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকায় অধিদপ্তরের মহাপরিচালক প্রতিষ্ঠানটিকে এক হাজার টাকা জরিমানা করেন। পরে অভিযান পরিচালনাকারী দলটি মনির জেনারেল স্টোর ও শাহজালাল জেনারেল স্টোরে অভিযান চালায়। দোকানে রাখা নুডলসের প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকায় প্রতিষ্ঠান দুটিকে এক হাজার টাকা করে জরিমানা করে। ভবিষ্যতে এ ধরনের ক্রটিপূর্ণ পণ্য বিক্রি করলে জরিমানার পরিমাণ বাড়ানোর হুঁশিয়ারিও দেন তাঁরা। মোহাম্মদপুর টাউন হল মার্কেটের সাধারণ সম্পাদক ছামসুল হক দেওয়ান বলেন, তাঁদের মার্কেটে কোনো ক্রটিপূর্ণ পণ্য বিক্রি হবে না। ভবিষ্যতে এ ধরনের পণ্য বিক্রি না করতে বিক্রেতাদের প্রতি আহবান জানান তিনি।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় ভোক্তা অধিকার অধিদপ্তর গঠন করেছে সরকার। যেকোনো ব্যক্তিই কোনো না কোনো পণ্য কিনে থাকে। এতে সবাই ভোক্তা। পণ্য কিনে কেউ প্রতারিত হলে অধিদপ্তর ব্যবস্থা নেবে।অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞার নেতৃত্বে অভিযানে অংশ নেন অধিদপ্তরের উপসচিব আবদুল বাতেনসহ কয়েকজন কর্মকর্তা এবং মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।