প্রথমা ও বেঙ্গলের উদ্যোগে বইমেলা শুরু
শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারে শুরু হয়েছে আট দিনব্যাপী বইমেলা। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের দ্বিতীয় তলার সেমিনার কক্ষে এই বইমেলা চলবে ৯ মে পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার মেলা বন্ধ থাকবে।
প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় এই বইমেলা শুরু হয়।
মেলা উদ্বোধনী অনুষ্ঠানে শিশুসাহিত্যিক ও সাংবাদিক আখতার হুসেন বলেন, ‘বই কেনা ও পড়া এখনো আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এর অর্থ হচ্ছে এই সমাজ এখনো জীবন্ত।’ এই কথার সঙ্গে একমত পোষণ করে কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘বই কিনলে সেটা বৃথা যাবে না। আমরা খুব বলি তরুণ প্রজন্ম বই পড়ে না। কিন্তু যখন বইমেলায় যাই, তখন দেখা যায়, প্রবীণদের চেয়ে বই কেনে ও বই বিক্রি করে তরুণেরাই বেশি।’
লেখক মহিউদ্দিন আহমেদ বেশি বেশি বই কিনে পড়তে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইলিশ মাছ সবার প্রিয়। তবে একটা ছোটখাটো ইলিশের দাম ১ হাজার টাকা। এই টাকায় দুই-তিনটা বই কেনা সম্ভব। ইলিশ খেলেই কিন্তু শেষ। কিন্তু বই কিনলে তা থেকে যাবে।
মেলায় প্রথমার বই ৩০ থেকে ৬০ শতাংশ ছাড়ে, বেঙ্গল পাবলিকেশনসের বই ২৫ থেকে ৫০ শতাংশ ছাড়ে, দেশি অন্যান্য প্রকাশনীর বই ২৫ থেকে ৫০ শতাংশ ছাড়ে এবং ভারতীয় বই ১ রুপি সমান ১ টাকা থেকে ১ টাকা ৮০ পয়সা হিসেবে বিক্রি চলছে।