অটিজম বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের কংগ্রেস দলের সভাপতি সোনিয়া গান্ধী। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।২৫-২৯ জুলাই অটিজম বিষয়ে ঢাকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলন সামনে রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিলটন হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, অটিজম বিষয়ে সচেতনতা তৈরির জন্য ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধীসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে অটিস্টিক শিশুর অভিভাবক, তাঁদের চিকিৎসক, মনোবিজ্ঞানীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য প্রশিক্ষণেরও আয়োজন করা হয়েছে।সংবাদ সম্মেলনে বলা হয়, ‘অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার্স অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিজ্যাবিলিটিস ইন বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়া’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করা হবে ২৫ জুলাই। নগরের রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠেয় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোনিয়া গান্ধী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।এ সম্মেলনের আয়োজন করেছে বিএসএমএমইউর সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন, যুক্তরাষ্ট্রের অটিজম স্পিকস, গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ। এতে সহায়তা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং এ সংস্থার দক্ষিণ এশীয় আঞ্চলিক অফিস। সম্মেলন ও প্রশিক্ষণে বিভিন্ন দেশের ৩৫ জন এবং দেশীয় ১৭ জন বিশেষজ্ঞ অংশ নেবেন। সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিকুল ইসলাম লস্কর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পবন চৌধুরী, বিএসএমএমইউর চিকিৎসক মাজহারুল মান্নান বক্তব্য দেন।