বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্র সামিন ইয়াসার ওরফে শাওন (১৪) হত্যা মামলার প্রধান আসামি আসিফ আহমেদকে দেড় মাসেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, সপরিবারে পলাতক আসিফের সন্ধান মিলছে না। গত ৩১ অক্টোবর মিরপুর সেনানিবাসের নিজ বাসায় সামিনকে জবাই করে হত্যা করা হয়। ঘটনার পর ওই দিন রাতে সামিনের বাবা ফরিদ আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। কয়েক দিন পর এ ঘটনায় পুলিশ বরিশাল থেকে সামিনের সহপাঠী আল-ইমরান ওরফে শিমুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ইমরান সাংবাদিকদের জানায়, ফেসবুকে একটি মেয়ের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে সামিনকে হত্যা করে তাদের আরেক সহপাঠী আসিফ। হত্যাকাণ্ডে সে ছিল সহযোগী। এরপর সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। পরে মামলার এজাহারে প্রধান আসামি হিসেবে আসিফ আহমেদ ও দ্বিতীয় আসামি হিসেবে আল-ইমরানের নাম অন্তর্ভুক্ত করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান প্রথম আলোকে বলেন, সপরিবারে আসিফ পলাতক। তাকে গ্রেপ্তার করতে মিরপুর ১৩ নম্বরে তার বাসায় অভিযান চালানো হয়। কিন্তু বাসা তালাবদ্ধ পাওয়া গেছে। পরে গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুরসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও আসিফ ও তার পরিবারের সন্ধান পাওয়া যায়নি। গ্রেপ্তার এড়াতে সে পরিবারের পক্ষ থেকে সহযোগিতা পাচ্ছে। সামিনের বাবা ফরিদ আহমেদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, আল-ইমরান ফেসবুকের যে প্রসঙ্গটি এনেছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আসিফ প্রায় সময়ই সামিনের কাছে টাকা-পয়সার কথা বলত। ধারণা করা হচ্ছে, বাসা থেকে টাকা চুরি করার জন্য সামিনকে হত্যা করা হয়েছে। ঘটনার দিন আলমারিটা খোলা দেখে এ সন্দেহ আরও বেড়েছে। তবে বাসায় টাকা ও মূল্যবান কিছু না থাকায় কিছুই খোয়া যায়নি। তা ছাড়া হত্যাকাণ্ডে তিনজন ছিল বলে তার ধারণা। ফরিদ আহমেদ বলেন, ‘আমার একটাই দাবি, আসিফ ও তার পরিবারকে দ্রুত গ্রেপ্তার করা হোক। এতে হত্যার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের নাম-পরিচয়, সংখ্যা জানা যাবে।’এসআই আবদুর রহমান বলেন, আসিফ ও তার পরিবার দেশেই আছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে। অচিরেই তাকে গ্রেপ্তার করা যাবে।