প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বছর ফাঁকা পড়ে থাকা জাতীয় ঈদগাহ ময়দানটি এখন চেনাই যায় না। মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান উৎসবের সাজে সেজেছে। ঈদের দিন সকাল সাড়ে আটটায় এখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ত্রিপল আর শামিয়ানায় আচ্ছাদিত হয়েছে পুরো মাঠ। সাদা কাপড়ের শামিয়ানায় সবুজ, নীল, লাল, খয়েরি আর হলুদ রঙের কাজে বর্ণিল হয়ে উঠেছে পুরো মাঠ। ভেতরে সারিবদ্ধ বাঁশগুলো সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। বিদ্যুৎ-সংযোগ দেওয়ায় চলছে বৈদ্যুতিক পাখা, জ্বলছে আলো। কয়েক দিন আগের অরক্ষিত খোলা মাঠে এখন প্রবেশাধিকার সংরক্ষিত। ময়লা-আবর্জনা নেই। উঁচুনিচু স্থান ভরাট করা হয়েছে বালু দিয়ে। সরেজমিনে ঘুরে চোখে পড়ে ঈদগাহ ময়দান সাজানোর শেষ প্রস্তুতি। চিরাচরিত ঐতিহ্যের ধারাবাহিকতায় ঈদ উৎসবকে আনন্দঘন করতে এবং ঈদের ময়দান সাজাতে এবারও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ময়দানের প্রধান গেটের মুখে র‌্যাব ও পুলিশের পৃথক দুটি নিয়ন্ত্রণ কক্ষ থাকছে। এগুলোর কাজও শেষ পর্যায়ে। র‌্যাব ও পুলিশের কিছু সদস্য এখনই নিয়ন্ত্রণ কক্ষ পাহারায় দায়িত্ব পালন করছেন। মাঠ সজ্জার দায়িত্বে নিয়োজিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লোকজন শেষ প্রস্তুতির কাজে নিয়োজিত। সিটির নারী-পুরুষ পরিচ্ছন্নতা-কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। বিদ্যুৎ-সংযোগের কাজে নিয়োজিত কর্মীরা বৈদ্যুতিক পাখা আর বাতি পরীক্ষা করছেন। ইমামের পেছনে নির্দিষ্ট স্থান চিহ্নিত করে জামাতের সময় বিশিষ্ট ব্যক্তিদের আসন নির্ধারণে ব্যস্ত রয়েছেন আরেক দল কর্মী।ঈদগাহ ময়দানের সাজসজ্জার কাজ তদারকিতে নিয়োজিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ঈদগাহের সব প্রস্তুতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। পুরো মাঠ ত্রিপল আর শামিয়ানা দিয়ে আচ্ছাদিত করা হয়েছে। বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। এরই মধ্যে মাঠের উঁচুনিচু স্থান সমান করা হয়েছে। ঈদের এক দিন আগে মাঠে বিশিষ্ট ব্যক্তিদের জন্য কার্পেট এবং অন্যান্য স্থানে ম্যাট বিছানোর কাজ শুরু হবে। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃষ্টিতেও যাতে সমস্যা না হয়, সে জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।ঈদগাহ ময়দান প্রস্তুতে নিয়োজিত প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত লোকজন জানান, জাতীয় ঈদগাহে ৮৪ হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। তবে ময়দানের আশপাশের রাস্তায় অবস্থানকারীসহ জামাতে অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়ায় এক লাখ ২০ থেকে ৩০ হাজার। মাঠের ভেতরে ইমামের পেছনে বসবেন রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা। এরপর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বসবেন। এ কারণে প্রথম ও দ্বিতীয় সারিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।ঈদগাহ ময়দানে প্রবেশ করতে হবে কদমফুল ফোয়ারা-সংলগ্ন প্রধান গেট দিয়ে। তবে নারীদের জন্য থাকবে পৃথক গেট। ঈদ জামাতে অংশগ্রহণকারীদের নিরাপত্তায় সাতটি আর্চওয়েসহ প্রয়োজনীয় সংখ্যক ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হচ্ছে। মাঠের ভেতরে ৪০০ বৈদ্যুতিক পাখা, ১৪টি স্ট্যান্ড পাখা, ৪০০ টিউবলাইট, ৭৪টি ফ্লাট লাইটসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে।