প্রধান ফটকে তালা, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ, ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর, বেদখলে থাকা আরও ১০টি হল উদ্ধারসহ পাঁচ দফা দাবিতে আবারও আন্দোলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।দাবি আদায়ে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ তিনটি ফটকে তালা ও সদরঘাট-গুলিস্তান সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তাঁরা।এদিকে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে পাঁচ দফা দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ তিনটি ফটকে পাঁচটি তালা লাগিয়ে দেন। এর ফলে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রায় ১৫ হাজার শিক্ষার্থী বাইরে আটকা পড়েন। এ সময় সদরঘাট ফুটওভার ব্রিজের নিচ থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে প্রায় ৩৫ থেকে ৪০টি টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এতে সদরঘাট থেকে গুলিস্তান ও বাবুবাজার থেকে যাত্রাবাড়ী পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা ১১টার দিকে শিক্ষকদের অনুরোধে প্রধান ফটকের তালা খুলে দেন শিক্ষার্থীরা। কিন্তু দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হয়। পরে বেলা দুইটার কিছু পর প্রশাসনের আহ্বানে আলোচনায় বসেন শিক্ষার্থীরা।সভায় উপাচার্য মীজানুর রহমান শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন। এ ছাড়া অন্যান্য সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপের কথাও জানান তিনি। এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এস এম আনোয়ারা বেগম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ, প্রক্টর অশোক কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন নাজমুল হাসান, ইমরান হোসাইন, রবিউল ইসলাম, হাসান আহমেদ, আলমগীর হোসেন, নুর মোহাম্মদ, সৌভিক চাকমা, জামাল উদ্দিন প্রমুখ। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী প্রথম আলোকে জানান, প্রশাসন তাঁদের পাঁচ দফা দাবি মেনে নেওয়ার অশ্বাস দিয়েছে। সে অনুযায়ী পাঁচ দফার মধ্যে একটি ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর করতে এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে তা করা না হলে আবারও আন্দোলনে নামবেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিয়েছে প্রশাসন। অচিরেই তা বাস্তবায়নের কাজ শুরু করা হবে।২০ এপ্রিল পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ২৬ এপ্রিল প্রথম আলোতে ‘হলগুলো উদ্ধারে গতি নেই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।